Home » ফ্রান্সের ২৫০টি এয়ারবাস কিনছে টাটা এয়ার ইন্ডিয়া

ফ্রান্সের ২৫০টি এয়ারবাস কিনছে টাটা এয়ার ইন্ডিয়া

সময় কলকাতা ডেস্ক,১৫ ফেব্রুয়ারিঃ ফ্রান্স থেকে ২৫০টি এয়ারবাস কিনছে টাটার এয়ার ইন্ডিয়া। ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসের দিন ফ্রান্সের এয়ারবাসের সঙ্গে সবচেয়ে বড় ঐতিহাসিক চুক্তিতে সই করেছে টাটা গোষ্ঠী পরিচালিত এয়ার ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর আলোচনার পরে ঐতিহাসিক চুক্তি করে এয়ার ইন্ডিয়া।


২৫০টি এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত একদিকে যেমন ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে, অন্যদিকে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে বলে রতন টাটার সংস্থার দাবি। ১৪ ফেব্রুয়ারির এই বৈঠকে ছিলেন এয়ারবাসের সিইও গিয়োম ফওরি, টাটা গোষ্ঠীর চেয়ারপার্সন রতন টাটা, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সরকারি সূত্রে জানা গেছে, এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট কিনবে এয়ার ইন্ডিয়া।


বর্তমানে বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া ২০২৩ প্রদর্শনী চলছে। এর মধ্যেই ভারত-ফ্রান্স এত বড় চুক্তি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ৮ বছরে ভারতের মোট বিমানের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৪৭ হয়েছে। সরকারের ‘উড়ান’ প্রকল্পে প্রান্তিক এলাকাগুলিকে বিমান-যোগে জুড়ছে। ভবিষ্যতে অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হতে চলেছে। এর জন্য আগামী ১৫ বছরে দু’হাজারের বেশি বিমান লাগবে।

About Post Author