Home » ডিভিশন বেঞ্চের নির্দেশ, চাকরি যাওয়া গ্রুপ-ডি কর্মীদের এখনই বেতনের টাকা ফেরাতে হবে না

ডিভিশন বেঞ্চের নির্দেশ, চাকরি যাওয়া গ্রুপ-ডি কর্মীদের এখনই বেতনের টাকা ফেরাতে হবে না

সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি:  কলকাতা হাইকোর্টের অন্তবর্তীকালীন নির্দেশে কিছুটা স্বস্তি পেলেন চাকরি যাওয়া সরকার স্কুলের ১,৯১১ জন গ্রুপ-ডি কর্মী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন গ্রুপ-ডি কর্মীরা। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম মজুমদারের ডিভিশন বেঞ্চ আপাতত স্থগিতাদেশ দিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের একাংশের ওপর। কারণ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সম্পূর্ণ রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। শুধুমাত্র বেতনের টাকা ফেরতের নির্দেশে স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ গ্রুপ-ডি কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ এখনও বহাল থাকছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকারি স্কুলে গ্রুপ-ডি পদে উত্তরপত্র বা ওএমআর শিট বিকৃত করে ১,৯১১ জন চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। মোট ২,৮২৩ জনের ওএমআর শিট পরীক্ষা করে ওই ১,৯১১ জনের কথা স্বীকার করে নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। পরে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশের পর ওয়েবসাইটে নির্দেশিকা জারি করে ওই ১,৯১১ জনের সুপারিশপত্র প্রত্যাহার করে নেয় এসএসসি। বেতনে পাওয়া সমস্ত টাকাও ফেরত দিতে বলা হয় কর্মীদের।

কিন্তু  ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ১৩ ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরি থেকে বরখাস্ত হওয়া গ্রুপ ডি কর্মীরা। তাঁদের দাবি এতদিন নিজেদের শ্রম দান করেই বেতন পেয়েছিলেন। তাহলে কেন বেতনের টাকা ফেরাতে হবে? এই মামলার শুনানিতে, ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দেয় আপাতত টাকা ফেরাতে হবে না, আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে স্থগিতাদেশ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ মার্চ।

About Post Author