Home » বিদায় নিল শীত! ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

বিদায় নিল শীত! ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,১৭ ফেব্রুয়ারিঃ এবার শীতের বিদায় নেওয়ার পালা। বসন্তের উপস্থিতি টের পাচ্ছে বঙ্গবাসী। এখন হালকা শীতের আমেজ রাজ্যে। আস্তে আস্তে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবারই কার্যত শেষবারের মতো হালকা শীতের আমেজ থাকবে শহরে। কেননা আগামী মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে চলেছে। ১৯ ফেব্রুয়ারি তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।

 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আজ তিলোত্তমার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়বে। শুক্রবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩০ থেকে ৯০ শতাংশ। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।


পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও দুদিন কুয়াশার প্রভাব থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে,দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা নেই। শীতের ইনিংস প্রায় শেষের মুখে। শনিবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের।

About Post Author