সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি: আমেরিকার আকাশে চিনা ‘গুপ্তচর’ বেলুন ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল দিন কয়েক আগে। যেগুলি মার্কিন সেনা গুলি করে নামায়। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গুপ্তচর বেলুন গুলি করে নামানোর জন্য তিনি কারও কাছে ক্ষমাপ্রার্থী নন।

বৃহস্পতিবার বেলুনকাণ্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বেলুন নামানোর জন্য কোন ক্ষমা চাইতে রাজি নই”। তবে তিনি এও বলেন, “আমেরিকার আকাশে এই ধরনের সন্দেহজনক বেলুনের সংখ্যা হঠাৎ করে বেড়েছে বলে কোনও প্রমাণ নেই। তবে চিনা বেলুনের দেখা মেলার পর থেকে আমেরিকা আরও বেশি সতর্ক হয়েছে”। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে মার্কিন প্রেসিডেন্ট ঘুরিয়ে চিনকে বার্তা দিলেন যে ভবিষ্যতে আমেরিকা এসব বরদাস্ত করবে না।

যদিও তিনি চিনের সঙ্গে পরবর্তী সময় আলোচনায় বসার রাস্তাও খোলা রাখেন। এই বিষয়ে বলতে গিয়ে এদিন বাইডেন জানিয়েছেন, “আমরা চিনের সঙ্গে কোনও বিরোধ চাই না, প্রতিযোগিতা চাই। আমরা কোনও নতুন ঠান্ডা লড়াইয়ের পথে যেতে চাইছি না”। উল্লেখ্য, প্রথমদিকে আমেরিকার আকাশসীমায় পাওয়া বেলুনগুলি যে চিনের তা স্বীকার করে নিয়েছিল বেজিং। চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছিল, বেলুনগুলি আবহাওয়া বিষয়ক গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছিলো। হাওয়া বিপরীতে সেগুলি মার্কিন আকাশসীমায় ঢুকে পড়ে। কিন্তু পরবর্তী সময় মার্কিন ও কানাডার আকাশে দেখা রহস্যময় বস্তু সম্পর্কে কোনও পক্ষই মুখ খোলেনি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
চিকিৎসার জন্য ইরানে ভারতের মানবিক সহায়তা, ইরানের কৃতজ্ঞতা প্রকাশ