সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি: চুরি হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষ্কর্য। যে সে ভাষ্কর্য নয় এটা, কবি-সাহিত্যিকদের ‘মুক্তকণ্ঠ রোধ’ করার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিশেষ ভাষ্কর্য বসানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। ১৯ ফুট উচ্চতার ওই ভাষ্কর্যটি তৈরি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র-ছাত্রীরা। মুক্তচিন্তা ও স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা হরণের প্রতিবাদে ওই ভাস্কর্যে রবীন্দ্রনাথের মূর্তির মুখে সেলোটেপ সাঁটা ছিল। পাশাপাশি তাঁর হাতে ছিল রক্তাক্ত ও পেরেকবিদ্ধ গীতাঞ্জলি। অভিযোগ, ওই মূর্তিটি চুরি গিয়েছে। জানা গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের যে মূর্তি ছিল তার পাশেই নতুন মূর্তিটি বসানো হয়েছিল গত মঙ্গলবার। বৃহস্পতিবার সেই মূর্তি বেমালুম হাওয়া হয়ে গিয়েছে। অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ওই নতুন মূর্তিটি সরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার মূর্তিটি দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। মূর্তিটি যেখানে স্থাপন করা হয়েছিল সেখানে তাঁরা একটি সাদা কাপড়ের ব্যানার টাঙিয়ে দেন। তাতে লেখা ‘গুম হয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র শিমুল কুম্ভকার সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষ্কর্যটি দেখা যাচ্ছে না। সম্ভবত রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূর্তিটি সরিয়ে দিয়েছেন। পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক স্বীকার করে নেন যে মূর্তিটি সরানো হয়েছে। ড. একেএম গোলাম রব্বানি নামের ওই অধ্যাপক বলেন, এই ধরণের মূর্তি তৈরি করে বাংলা সাহিত্যের পুরোধা রবীন্দ্রনাথ ঠাকুরকেই অপমান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অন্ধকারে রেখেই মূর্তিটি সেখানে স্থাপন করা হয়েছিল। গোটা ঘটনা ঘিরে চাপান-উতোর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে।

ঘটনার সূত্রপাত বাংলাদেশের অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে। দাবি, লেখক-সাহিত্যিকদের মত প্রকাশের স্বাধীনতাকে বাঁধা দেওয়া হচ্ছে। বইমেলায় নিষিদ্ধ করা হয়েছে বহু বই। আবার কিছু সিনেমার মুক্তিও আটকে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে বাঁশ-থার্মোকল ও বইয়ের কাগজ ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষ্কর্যটি তৈরি করা হয়েছিল। উদ্যোক্তাদের দাবি, প্রতিকী প্রতিবাদ জানাতেই, রবীন্দ্রনাথ ঠাকুরের মুর্তির মুখে সেলোটেপ আটকে তাঁর মুখ বন্ধ করা হয়েছিল।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত