সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: শনিবার দিল্লিতে বসেছিল ৪৯তম জিএসটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বৈঠকের পর বড় ঘোষণা করলেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, ২০২২ সালের জুন মাস রাজ্যগুলির সমস্ত বকেয়া জিএসটি ফিরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার থেকেই শুরু হবে বকেয়া ফেরতের প্রক্রিয়া। এই আওতায় রাজ্যগুলিকে দেওয়া হবে মোট ১৬,৯৮২ কোটি টাকা। ফলে উপকৃত হবে বাংলার মতো রাজ্যগুলি। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে অভিযোগ করে আসছিলেন।

অপরদিকে, জিএসটি কাউন্সিলের এদিনের বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত হয়। বেশ কয়েকটি পণ্যের ওপর জিএসটি কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জিএসটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ব়্যাব (এক প্রকার তরল গুড়) ও পেনসিল কাটা শার্পনার এবং কিছু ট্র্যাকিং ডিভাইসের উপর থেকে GST কমানো হয়েছে। উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে তরল গুড় তৈরি করার জন্য এই ব়্যাব ব্যবহার হয়। ফলে গুড়ের দাম কমবে।

খোলা ব়্যাবের ক্ষেত্রে এই জিএসটি হচ্ছে শূন্য। অন্যদিকে, প্যাকিং ব়্যাবের ক্ষেত্রে GST-র পরিমাণ থাকছে ৫ শতাংশ। যা কিনা আগে উভয় ক্ষেত্রেই ছিল ১৮ শতাংশ। অপরদিকে কন্টেইনারগুলিতে লাগানো ট্যাগ ট্র্যাকিং ডিভাইসের উপর GST শর্ত সাপেক্ষে শূন্য করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে জিএসটি রিটার্নের ক্ষেত্রে যে জরিমানা দিতে হয়, সেক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


More Stories
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত সিকিমের রিম্বি
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?