সময় কলকাতা ডেস্ক, ২১ ফেব্রুয়ারি: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর ওই দিনই পাহাড়ে বনধের ডাক দিয়েছেন বিনয় তামাংরা। মঙ্গলবার শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে বনধ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন। তার ঘন্টাখানেকের মধ্যেই সুখবর শুনিয়ে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। দার্জিলিং, কালিম্পঙ, কার্শিয়াং, শিলিগুড়ির মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস চালাবে উত্তরবঙ্গ পরিবহন সংস্থা। এ বছর পাহাড়ে প্রায় ৯ হাজার পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে এমনিতেই বেশি বাস রাস্তায় নামানো হবে। কিন্তু পাহাড়ে ডাকা বনধের দিন আরও বেশি বাস চালানো হবে। জানা গিয়েছে, দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে এখন দিনে ১৪টি বাস চলাচল করে। মাধ্যমিকের সময় এই সংখ্যা দ্বিগুন হবে। আর ২৩ তারিখে বনধ উপলক্ষে ৭৫টি বাস চালানোর পরিকল্পনা নিয়েছে এনবিএসটিসি। প্রয়োজনে পুলিশ এসকর্ট করবে ছাত্র-ছাত্রীদের জন্য স্পেশাল বাসগুলিকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান,পার্থ প্রতিম রায় জানিয়েছেন, ২৩ তারিখে সমতল ও পাহাড়ে চলবে অতিরিক্ত বাস।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি