Home » নোটার চেয়েও কম ভোট! ত্রিপুরায় কার্যত অস্তিত্বহীন তৃণমূল

নোটার চেয়েও কম ভোট! ত্রিপুরায় কার্যত অস্তিত্বহীন তৃণমূল

সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: খাতায় কলমে ত্রিপুরায় ভোট হয়েছিল ত্রিমুখী। একদিকে শাসকদল বিজেপি, অন্যদিকে বাম-কংগ্রেস জোট ও আরেকদিকে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ২৮ আসনে প্রার্থী দিয়েছিল জোড়াফুল শিবির। বৃহস্পতিবার ভোট গণনার পর দেখা গেল ২৮ আসনে তৃণমূলের মোট প্রাপ্ত ভোট মাত্র ২১ হাজারের সামান্য বেশি। অর্থাৎ যা মাত্র ০.৩ শতাংশ। বাংলাভাষী রাজ্য ত্রিপুরার সামগ্রিক ফল বলছে, নোটার (নান অফ দ্য অ্যাবভ) থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে ত্রিপুরার রাজধানী আগরতলার পুরভোটে তৃণমূলের ঝুলিতে এসেছিল ২০ শতাংশ ভোট। মাত্র ২০ মাসের ব্যবধানে ভোটের হারে বিশাল পতন তৃণমূলকে কার্যত অস্তিত্বহীন করে দিল ত্রিপুরার রাজনীতিতে। ফলে তৃণমূলের হাল দেখে কটাক্ষ করতে ছাড়ছেন না সিপিএম-কংগ্রেস নেতারা।

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে তৃণমূল যে ধরাশায়ী হবে তার আগাম অনুমান আগেই করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে লোক কম দেখে একবার উষ্মা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক জনসভায় বলেছিলেন, ‘অভিষেক আমাকে এখানে প্রচারে আসতে বারণ করেছিল। বলেছিল, দিদি, তুমি গিয়ে আর কী করবে! ওখানে ওরা সব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে’। ওয়াকিবহাল মহলের মতে, বামফ্রন্ট ও কংগ্রেস প্রথম থেকেই জোট করে নির্বাচনে লড়ার সিদ্ধান্তে কিছুটা ব্যাকফুটে চলে যায় তৃণমূল। পরে আগরতলা-সহ ত্রিপুরায় কয়েকটি কেন্দ্রে ভোট প্রচারে যান মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় প্রচারে গিয়েছিলেন তৃণমূলের বহু তারকা সাংসদ ও বিধায়ক। বাংলাভাষী এই রাজ্যে এবার ভালো ফল করতে মরিয়া ছিল বাংলার শাসকদল।

কিন্তু বাম-কংগ্রেস জোট করতেই ওই রাজ্যে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে যায়। গত আগরতলা পুরনিগমের ভোটে বহুমুখী লড়াই হওয়ায় তৃণমূল ভালো ভোট পেয়েছিল। সেবার প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছিল জোড়াফুল শিবির। আগরতলা পুরনিগমের ৫১টি আসনই বিজেপির দখলে গিয়েছিল। কিন্তু এরমধ্যে ২৬টি আসনে দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থীরা। কিন্তু ২০২৩ সালের বিধানসভায় উল্টে গেল সব হিসেব। আগরতলা আসনে তৃণমূল প্রার্থীই দেয়নি। কিন্তু আগরতলা পুরনিগমের অন্তর্গত টাউন বড়দোয়ালি কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছে মাত্র ৬২৩টি। বাকি দুটি বিধানসভা কেন্দ্র রামনগরে ১,৮০৫টি এবং বনমালীপুরে মাত্র ৪৩০টি ভোট এসেছে তৃণমূল প্রার্থীদের ঝুলিতে।

About Post Author