Home » অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে ইডি ও রাজ্য পুলিশের দড়ি টানাটানি

অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে ইডি ও রাজ্য পুলিশের দড়ি টানাটানি

সময় কলাকাতা ডেস্ক, ৫ মার্চ: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। কিন্তু তাঁর দিল্লিযাত্রা নিয়ে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। অনুব্রত মণ্ডলকে কে দিল্লি নিয়ে যাবে তা নিয়েই শুরু হয়েছে দড়ি টানাটানি। রাজ্য পুলিশ আগেই জানিয়েছিল, তাঁরা নিরাপত্তা দিয়ে অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে কলকাতা নিয়ে যেতে পারবে না। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি-ও কার্যত হাত তুলে নিল তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সূত্রের খবর, এই বিষয়ে সোমবারই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হতে পারে জেল কর্তৃপক্ষ।

সমস্যার সূত্রপাত, কলকাতা হাইকোর্টের রায় নিয়ে। শনিবারই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল প্রয়োজন মনে করলে ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে। তবে তার আগে অনুব্রতকে কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনে কোনও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিট সার্টিফিকেট নিতে হবে। এরপরই ইডির তরফে একটি চিঠি আসানসোল জেল কর্তৃপক্ষকে দিয়ে জানতে চাওয়া হয়, যে জেল কর্তৃপক্ষ কী অনুব্রতকে কলকাতায় পাঠাতে পারবে? উত্তরে আসানসোল জেল কর্তৃপক্ষ ইডিকে জানায় রাজ্য পুলিশ অনুব্রত মণ্ডলকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ। ইডি যেন নিজেই এই দায়িত্ব নেয়। চিঠি পেয়ে রবিবারই ইডি জানিয়ে দেয় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁদের নয়। এরপর স্বভাবতই প্রশ্ন উঠছে অনুব্রতকে কে দিল্লি নিয়ে যাবে?

ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে যেভাবে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল সেভাবেই দিল্লি পাঠানো হোক বলে চিঠিতে লিখেছিল ইডি। আসানসোল জেল কর্তৃপক্ষের কাছে এখন এটাই মাথাব্যাথার কারণ। সায়গলকে রাজ্য পুলিশই দিল্লি নিয়ে গিয়েছিল। ফলে অনুব্রত মণ্ডলকে তাঁদেরই পাঠানোর কথা। পুরো ঘটনা জানিয়ে আসানসোল জেল কর্তৃপক্ষ রাজ্যের আইজি (কারা)কে চিঠি দিয়েছে। এখন দেখার নতুন কোনও পরিস্থিতি তৈরি হয় কিনা।

About Post Author