Home » কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে মোদিকে চিঠি মমতা-সহ ৯ বিরোধী নেতার

কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে মোদিকে চিঠি মমতা-সহ ৯ বিরোধী নেতার

সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চ: ইডি ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির অপব্যবহার করছে কেন্দ্রের মোদি সরকার। এই অভিযোগ সাম্প্রতিক অতীতে বারবার করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতোই দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সরব হয়েছেন ইডি-সিবিআই নিয়ে। এবার দেশের ৯টি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতা একযোগে চিঠি দিয়ে অভিযোগ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

চিঠিতে সাক্ষর করেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও, আরজেডি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ইউবিটি নেতা উদ্ধব ঠাকরে, জেকেএনসি নেতা ফারুক আবদুল্লা এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, ওই চিঠিতে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে হেনস্থা করতে ব্যবহার কর হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তেমনই যে সমস্ত অভিযুক্ত রাজনৈতিক বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের কেন ছাড় দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলা হয়েছে।

চিঠিতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির প্রসঙ্গও রয়েছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীকে দেওয়া বিরোধীদের সেই চিঠিতে লেখা হয়েছে, “ভারত যে গণতান্ত্রিক রাষ্ট্র আশা করছি এ ব্যাপারে আপনি সহমত হবেন। কিন্তু বিরোদীদের উপরে কেন্দ্রীয় সংস্থার নির্লজ্জ অপব্যবহারের জেরে মনে হচ্ছে আমরা গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রের দিকে চলেছি”। আবার বিজেপিতে যোগ দেওয়া নেতা বা বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে দেওয়া ৯ বিরোধী নেতার চিঠিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নামও রয়েছে।

About Post Author