সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ: দিন দিন বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা বাড়ছে। ফলে বন্দে ভারত ট্রেনসেট যোগান দিতে হিমশিম খাচ্ছে রেলের কারখানাগুলি। তাই বেসরকারি উদ্যোগেও অত্যাধুনিক বন্দে ভারত ট্রেনসেট তৈরির বিষয়ে ছাড়পত্র দিয়েছিল রেল মন্ত্রক। সেই উদ্যোগে এবার সামিল হতে চলেছে টাটা গোষ্ঠী। সম্প্রতি রেলের সঙ্গে চুক্তিতে সাক্ষর করেছে রতন টাটার সংস্থা টাটা স্টিল। আগামী এক বছরের মধ্যেই ২২টি নতুন বন্দে ভারত ট্রেন তৈরি করতে চায় তাঁরা।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে ২০০ বন্দে ভরত ট্রেন চালাতে চায় মোদি সরকার। সেই ব্যাপারে রেল মন্ত্রককে যাবতীয় প্রস্তুতি নিতে বলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারি বা আইসিএফ, পাঞ্জাবের কাপুরথালা কোচ ফ্যাক্টারি এবং উত্তরপ্রদেশের রায়বড়েলি মডার্ন কোচ ফ্যাক্টারিতে এত কম সময়ে বিপুল পরিমান বন্দে ভারত ট্রেন তৈরি করা সম্ভব নয়। কারণ রেলের ওই কারখানাগুলিতে অন্যান্য কোচও তৈরি হয়। এছাড়া ২০২৪ সালের মধ্যে স্লিপার কোচের বন্দে ভারত আনতে চলেছে রেল। সবমিলিয়ে সমস্যা জটিল। তাই দেশীয় বেসরকারি সংস্থাগুলিকে বন্দে ভারতের বরাত দিতে শুরু করেছে রেল মন্ত্রক।

এই প্রকল্পে গতি আনতে এবার টাটা গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধল রেল। চুক্তিও হয়ে গিয়েছে। এবার টাটা স্টিলের কারখানায় তৈরি হবে তৃতীয় প্রজন্মের আরও আধুনিক বন্দে ভারত ট্রেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মোট ১৪৫ কোটি টাকার চুক্তি হয়েছে টাটা স্টিলের সঙ্গে। আগামী এক বছরে ১৬ কোচের বন্দে ভারতের মোট ২২টি কম্পোজিট টেনসেট তৈরি করবে টাটা স্টিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,এই বন্দে ভারত ট্রেনসেটগুলির আসন আরও আরামদায়ক হবে। পাশাপাশি সিটগুলি পুরো ১৮০ ডিগ্রি ঘোরানো যাবে। তবে,টাটারা প্রথম নয়, এর আগে হায়দরাবাদের মেধা গ্রুপ এবং বাংলার টিটাগড় ওয়াগন বন্দে ভারতের বরাত পেয়েছিল।


More Stories
ফোনে নেট ছাড়াই কলিং, নতুন নিয়মে কমছে খরচ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?