Home » মাথায় আলুর ঝুড়ি নিয়ে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির

মাথায় আলুর ঝুড়ি নিয়ে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির

সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ: রাজ্যের জেলায় জেলায় আলুচাষিরা বিক্ষোভ দেখাচ্ছেন আলুর দাম না পেয়ে। কোথাও রাস্তায় আলু ফেলে তো কোথাও আলু পুড়িয়ে দিয়ে চলছে বিক্ষোভ। এই আবহে বঙ্গ বিজেপি আলুচাষিদের পাশে দাঁড়িয়ে বিধানসভার বাইরে ও ভিতরে সোচ্চার হল। সোমবার বিধানসভা অধিবেশনে আলুর নূন্যতম সহায়ক মূল্য এবং আলুচাষিদের ঋণ মকুবের দাবিতে সরব হন বিজেপি বিধায়করা। নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে বিধানসভার বাইরে মাথায় আলুর ঝুড়ি নিয়ে বিক্ষোভও দেখালেন তাঁরা। তাঁদের হাতে পোস্টারও ছিল।

সোমবার বিধানসভা অধিবেশনের শুরুতেই আলুর দাম নিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এ বছর আলুর ফলন বেশি। ফলে আলুর দাম পাচ্ছেন না চাষিরা। আবার চাষ করার জন্য স্বল্প মেয়াদি ঋণ নিয়েছেন অনেক চাষি। দাম না পাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ করতে অক্ষম অনেকেই। তাঁর দাবি, আলুর দাম না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন আলুচাষিরা। এরপরই বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়করা। মাথায় আলুর ঝুড়ি নিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা।

এদিন শুভেন্দু বলেন, বহু চাষি উপযুক্ত দাম না পেয়ে আত্মহত্যা করছেন। রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন। তাই অবিলম্বে চাষিদের ঋণ মকুব করা হোক। এটা সম্ভব না হলে  কিস্তি জমার মেয়াদ পরিবর্তন করা হোক। এছাড়াও আলুর নূন্যতম সহায়ক মূল্য বেঁধে দেওয়ার দাবিও জানান বিরোধী দলনেতা। যদিও শুভেন্দুর তোলা অভিযোগ নস্যাৎ করেছেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি দাবি করেন, আমাদের এখানে কোনও চাষী ক্ষতিগ্রস্থ হননি। গতবছরও আলুতে ১৪ – ১৫ টাকা কেজি দরে দাম পেয়েছেন কৃষকরা। তিনি কৃষকদের আত্মহত্যার কথাও অস্বীকার করেন। অপরদিকে, তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আলুর দাম নিয়ে কেন্দ্রের কোর্টেই বল ঠেলেছেন। তিনি বলেন, সারের দাম বাড়ছে। সরকার ১০ লক্ষ মেট্রিক টন আলু কিনবে। উদ্বেগের কোনও কারণ নেই। কোনও আলু চাষির মৃত্যু হয়েছে, এমন খবর আমার কাছে নেই। বিরোধী দলের কেউ কেউ আলু কিনে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে।

About Post Author