Home » তৃণমূল মুখপাত্রের জামিন মামলায় গুজরাট পুলিশকে নোটিশ সুপ্রিম কোর্টের

তৃণমূল মুখপাত্রের জামিন মামলায় গুজরাট পুলিশকে নোটিশ সুপ্রিম কোর্টের

সময় কলকাতা ডেস্ক,১৩ মার্চঃ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেলের করা জামিনের আবেদনের ভিত্তিতে এবার গুজরাট পুলিশকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। বিচারপতি বিআর গাভাই ও বিক্রম নাথের বেঞ্চ ইতিমধ্যেই গুজরাট পুলিশকে নোটিশ পাঠিয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যেই সাকেত গোখেলের জামিনের জবাব চাওয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বর আর্থিক তছরূপের মামলায় তৃণমূল নেতা সাকেত গোখলেকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে লক্ষাধিক টাকার তহবিল সাকেত গোখলে অপব্যবহার করেছেন। এরপর জানুয়ারির ২৫ তারিখ টাকা অপব্যাবহারের অভিযোগে ফের তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেই মামলায় সাকেত গোখলে জামিনের আবেদন করলে গুজরাট হাইকোর্ট তা খারিজ করে দেয়। পরে গুজরাট হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে। সেই আবেদনের ভিত্তিতে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেই শুনানির ভিত্তিতেই গুজরাট পুলিশকে নোটিস পাঠাল শীর্ষ আদালত।

প্রসঙ্গত,এর আগে গত ডিসেম্বর মাসের ৫ তারিখ রাজস্থানের বিমানবন্দর থেকে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। এরপর ৬ তারিখ,সকালে বিষয়টি নিয়ে টুইট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটে তিনি জানিয়েছিলেন, দিল্লি থেকে বিমান ধরে জয়পুরে নামার পর বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে গুজরাটের পুলিশ। তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তৃণমূলের জাতীয় মুখপাত্রকে এভাবে গ্রেফতারির কারণ হিসেবে ডেরেক ও ব্রায়েন টুইটে জানান, অক্টোবরে গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ের জেরে সাকেত গোখলে একটি টুইট করে গুজরাট প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন।

ডেরেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাকে অন্যমাত্রায় নিয়ে যাচ্ছে বিজেপি। এরপর ৮ তারিখ,বৃহস্পতিবার জামিন পাওয়ার পরই নতুন করে তাঁকে ফের গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে, মোরবি পুলিশের দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে গোখলে কে গ্রেফতার করা হয়েছিল। যদিও ওই দুটি মামলাতেই জামিন পেয়েছিলেন গোখলে। উল্লেখ্য, গুজরাটের মোরবি সেতু ভাঙা নিয়ে একটি আরটিআই-এর কপি সম্বলিত টুইট শেয়ার করে সাকেত দাবি করেছিলেন, মোরবির সেতুভঙ্গের পর মোদির গুজরাট সফরে খরচ হয়েছে ৩১ কোটি টাকা। কিন্তু এই তথ্যকে ভুয়ো বলে দাবি করে গুজরাট পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় সাকেত গোখেলকে।

About Post Author