Home » মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিকাশ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিকাশ

সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চ:  মঙ্গলবার আলিপুর আদালতের একটি অনুষ্ঠানে চাকরি যাওয়া অযোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সব মন্তব্যের বিরুদ্ধেই এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে তাঁরই করা এক মন্তব্যের উল্লেখ করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

প্রসঙ্গত, মঙ্গলবার আলিপুর আদালত চত্বরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে (বিচারপতি সুব্রত তালুকদার) বলব, যিনি এখানে (উপস্থিত) আছেন। এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না’। এই মন্তব্য উল্লেখ করেই আইনজীবী কলকাতার প্রাক্তন মেয়র আবেদন করেন, কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এ ব্যাপারে একটি আদালত অবমাননার মামলা দায়ের করুক। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিনণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে সায় না দিলেও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত, আলিপুর আদালত চত্বরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা তো আইনজীবীদের উপর নির্ভর করি। বিচারপতিদের রায়কে সম্মান জানাই। আমি অধিকার কাড়ার পক্ষে নই। আমি অধিকার দেওয়ার পক্ষে। যেটা আইনত স্বীকৃত, সেই অধিকারের কথা বলছি’। এরপরই তিনি বাম আমলের প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘আমি যদি অন্যায় করি, আপনারা গালে দুটো চড় মারুন। আমি কিচ্ছু মনে করব না। আমি ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তা হলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই। কাড়বার ক্ষমতা আছে!’

মুখ্যমন্ত্রীর এই সমস্ত মন্তব্য উল্লেখ করেই স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা করার আবেদন করেছিলেন বিকাশরজ্ঞন ভট্টাচার্য ও কয়েকজন আইনজীবী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আর্জিতে সায় দেয়নি। তবে আদালতের পর্যবেক্ষণ, ‘কোনও অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার শুনানির বদলে ভাল যদি কোনও মামলাকারী এ বিষয়ে আবেদন করেন’। এক্ষেত্রে আবেদনকারীদের মামলা দায়ের করার পরামর্শ দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবারই সেই মামলা শুনতে পারে আদালত।

About Post Author