Home » রেলে চাকরি দুর্নীতি মামলায় ব্যক্তিগত বন্ডে আগাম জামিন লালু সহ তাঁর স্ত্রী ও কন্যার

রেলে চাকরি দুর্নীতি মামলায় ব্যক্তিগত বন্ডে আগাম জামিন লালু সহ তাঁর স্ত্রী ও কন্যার

সময় কলকাতা ডেস্ক,১৫ মার্চঃ জমির বদলে রেলে চাকরি দুর্নীতি মামলায় অবশেষে  আগাম জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে লালু প্রসাদ যাদব সহ তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতীকে জামিনের নির্দেশ দেয়।


প্রসঙ্গত, ইউপিএ জামানায় ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। সেসময় তিনি জমির বদলে রেলের গ্রুপ ডি পদে বহু যুবক-যুবতীকে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ওই সময়কালে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন রাবড়ি দেবী। অভিযোগ, তিনিও জড়িত ছিলেন এই নিয়োগ দুর্নীতিতে। এমনকী লালুকন্যা আরজেডি সাংসদ মিশা ভারতীও জড়িত ছিলেন বলে অভিযোগ। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, পুরোনো মামলা ফের নতুন করে সামনে এনে বিরোধী নেতাদের হেনস্থা করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বিষয়ে দেশের ৯টি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব একযোগে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযোগ জানিয়েছিলেন। ওই চিঠিতেই সাক্ষর করেছিলেন আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবও। কিন্তু এরপরই ইডি-সিবিআই তৎপরতা দেখাতে শুরু করেছে বলেই অভিযোগ জানিয়েছেন তেজস্বী।


বিরোধীদের দাবি, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের চাপে রাখার কৌশল নিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। আম আদমী পার্টির নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সম্প্রতি গ্রেফতার করেছে সিবিআই। দক্ষিণের নেত্রী তথা কেসিআর কন্যা কবিতাকেও দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ডেকে পাঠিয়েছে ইডি। যদিও তিনি দিল্লিতে অনশন শুরু করেছিলেন। তাঁর পাশে দাঁড়িয়েছে তৃণমূল-সহ দেশের ১২টি বিরোধী রাজনৈতিক দল।

About Post Author