Home » সিভিক ভলান্টিয়ারদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর বিষয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?

সিভিক ভলান্টিয়ারদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর বিষয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ: বাঁকুড়া জেলা পুলিশ চালু করতে চলেছিল ‘অঙ্কুর প্রকল্প’। এই প্রকল্পের আওতায় সিভিক ভলান্টিয়ারদের প্রথমিক বিদ্যালয়ে পড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিকে পাঠ দেওয়ার চেষ্টা হতেই রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়। বাম-বিজেপি-কংগ্রেস একযোগে এই প্রচেষ্টার বিরোধিতা করে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। এরপরই নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। প্রবল সমালোচনার মুখে পড়ে সরাসরি হস্তক্ষেপ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৃহস্পতিবার ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিলেন এই প্রকল্প কোনও ভাবেই স্কুল শিক্ষা দফতরের নির্দেশে হয়নি। এমনকি দফতর কোনও অনুমোদনও দেয়নি। তিনি আরও জানান, পুরো বিষয়টি জানতে বাঁকুড়া জেলা পুলিশের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। আপাতত প্রকল্পটি স্থগিত রাখতেও বলা হয়েছে। সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশ এই অঙ্কুর প্রকল্প চালু করেছিল। তাতে যে সমস্ত প্রাথমিক স্কুলে শিক্ষক কম সেখানে সিভিক ভলান্টিয়াররা পড়াবেন খুদে পড়ুয়াদের।

এদিন এই বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্থানীয় স্তরে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা জানতে আমরা বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছি। রিপোর্ট আসলেই বোঝা যাবে পুরোটা। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে জানা যাচ্ছে, এই বিষয়ে বিভাগীয় সচিব বাঁকুড়া জেলা প্রশাসনকে জানিয়েছেন এই প্রকল্পের বিষয়ে সবিস্তারে জানিয়ে আবেদন করতে। রাজ্যের অ্যাকাডেমিক কাউন্সিল বিষয়টি খতিয়ে দেখে অনুমোদন দিলে তবেই অঙ্কুর প্রকল্প চালু করা যেতে পারে। তাই আপাতত সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিকে ক্লাস না করাতেই বলা হয়েছে।

About Post Author