সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: সামনেই গরমের ছুটি পড়বে। আর ছুটি পেলেই বাঙালির মন পালাই পালাই করে। কিন্তু আপনার যদি একটু বেশি উচ্চাকাঙ্খা থাকে তবে আপনি গরমের ছুটিতে মহাকাশেও ঘুরে আসতে পারেন। আর এর জন্য আপনাকে আমেরিকাও ছুটতে হবে না। হ্যাঁ ঠিকই পড়ছেন, এবার ভারত থেকেও মহাকাশ ভ্রমণ সম্ভব। আসল ব্যাপারটা খুলেই বলা যাক। যদিও এই সময়টায় পাহাড়ে ঘুরতে যেতেই বেশি পছন্দ করেন বাঙালি পর্যটকরা। দার্জিলিং, সিকিম তো হাতের কাছেই আছে, অনেকেই সিমলা, কাশ্মীর বা দক্ষিণ ভারতের উটি, কুন্নুর ঘরতে চলে যান গরমের ছুটিতে।

টেসলা প্রধান এলন মাস্কের মহাকাশ টুরিজম প্যাকেজের কথা তো অনেকেই শুনেছেন। গাঁটের কড়ি খরচ করলে যে কেউ একটু মহাকাশে ঘুরে আসতে পারেন স্পেসশিপে চেপে। ধনকুবের এলন মাস্ক প্রায়ই মহাকাশ টুরিজম নিয়ে নানান পরিকল্পনার কথা বলেন। এবার তাঁর কথারই প্রতিধ্বনি শোনা গেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রধানের মুখে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সম্প্রতি জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতের কাছে নিজস্ব স্পেস টুরিজম মডিউল থাকবে। যা একই সঙ্গে নিরাপদ ও পূরর্ব্যবহারের যোগ্য হবে। ইসরোর চেয়ারম্যান আরও জানিয়েছেন, এই স্পেস টুরিজম মডিউল নিয়ে জোর কদমে কাজ করছেন ভারতের বিজ্ঞানীরা।
কবে নাগাদ তৈরি হবে ভারতের টুরিজম স্পেসক্রাফ্ট?
ইসরোর চেয়ারম্যানের কথায়, আগামী ২০৩০ সালের মধ্যেই মহাকাশে পর্যটকদের নিয়ে পারি দিতে পারে ইসরোর স্পেসক্রাফ্ট। অর্থাৎ আর মাত্র সাত বছর, তারপরই মহাকাশে ঘুরে আসতে পারবেন পর্যটকরা।
খরচ কত পড়বে মহাকাশ ভ্রমণে?
এলন মাস্কের সংস্থার অধীনে যারা মহাকাশ ট্রিপে যাচ্ছেন তাঁদের অনেকটাই বেশি গাঁটের কড়ি খরচ করতে হচ্ছে। ইসরোর চেয়ারম্যান জানাচ্ছেন, ভারতের মহাকাশ পর্যটন প্যাকেজের খরচও বেশি। তবে এলন মাস্কের সংস্থার মতো এতটা হবে না। এস সোমনাথের দাবি, ইসরোর মহাকাশযানের একটি টিকিটের দাম হতে পারে ৬ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ বুঝতেই পারছেন, যে কেউ চাইলেও মহাকাশ ঘুরে আসতে পারবেন না। এর জন্য চাই পকেটের জোর। তবে ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, যারা এই ট্রিপে যাবেন তাঁদের নাম সরাসরি ঢুকে যাবে অ্যাস্ট্রোনটদের তালিকায়। এটাও একটা বিরল সুযোগ, ফলে গাঁটের কড়ি খরচ করতে অনেকেই পিছুপা হবেন না বলেই মনে করছে ইসরো।

তবে টিকিটের মূল্য দেখে মহাকাশ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ইসরোর মহাকাশ ট্রিপ হবে সাব-অরবিটাল। অর্থাৎ, পুরোপুরি মহাকাশে নিয়ে যাওয়া হবে না। পৃথিবীর কক্ষপথের কাছাকাছি মিনিট পনেরো মহাকাশে থাকার সুযোগ পাওয়া যাবে। ওই সময় মহাকাশ পর্যটকরা প্রায় ভারশূন্য বা লো গ্র্যাভিটি পরিবেশে থাকবেন। তারপরই মহাকাশযান ফিরে আসবে পৃথিবীর বুকে।


More Stories
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০