সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থীর কাছে হারতে হয়েছে তৃণমূল প্রার্থীকে। এই ফল যথেষ্ট মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে। ফলে পঞ্চায়েত ভোটের আগেই দলীয় সংগঠনকে আরও সংগঠিত করতে উদ্যোগী হলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে দলীয় সাংসদ, বিধায়ক, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেকও।

ওই বৈঠকেই পঞ্চায়েতের আগে দলের রণকৌশল ঠিক করে দিলেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে, জেলায় জেলায় দলীয় নেতা-নেত্রীদের জনসংযোগ আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন তৃণমূলনেত্রী। তবে তিনি নিজেই জেলায় জেলায় পৌঁছে যাবেন বলে জানা গিয়েছে। এছাড়া মাসে অন্তত তিনদিন তিনি জেলাভিত্তিক বৈঠক করবেন তিনি। শুক্রবার বৈঠকের শেষে এমনটাই জানিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, গোটা রাজ্যেই দিদির সুরক্ষাকবচ কর্মসূচি দারুণ সফল হয়েছে। এর গ্রহণযোগ্যতাও বেড়েছে বলে দাবি করেছেন তিনি। যদিও এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকেননি। এবার পঞ্চায়েত ভোটের আগে আরও জনসংযোগ বাড়াতে তিনি নিজেই অংশগ্রহণ করবেন দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে। আগামী দু’মাস ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রচার করবেন বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘুরিয়ে হলেও পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ফিরছে জেলা পর্যবেক্ষক পদ। একুশের বিধানসভার আগে জেলাভিত্তিক পর্যবেক্ষক পদ উঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এবার কয়েকটি জেলায় দলীয় নেতাদের দায়িত্ব দেওয়া হল। যদিও সুদীপবাবুর দাবি, এটা পর্যবেক্ষক পদ নয়। এদিন তৃণমূলের বৈঠকে দলনেত্রী জেলা সংগঠনকে আরও জোরদার করতে কয়েকজনকে জেলায় জেলায় দায়িত্ব দিয়েছেন। নদিয়ার দায়িত্ব পেলেন অরূপ বিশ্বাস, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের দায়িত্ব পেলেন মলয় ঘটক। মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী ও মোশারফ হোসেনকে। অনুব্রতহীন বীরভূম দেখবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে শিক্ষক সংগঠনের দায়িত্বে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠী কোন্দল এবং দলের ভাঙন আটকানোর জন্য বিশেষ পরিকল্পনা নিচ্ছে শাসকদল। এরজন্যই নেতাদের আলাদা করে দায়িত্ব দেওয়া হল বলে জানা যাচ্ছে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ