সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগেই সাগরদিঘিতে পরাজয়। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয় ও ত্রিপুরায় জামানত জব্দ। নিয়োগ দুর্নীতি সহ একাধিক কেলেঙ্কারিতে লেজে গোবরে শাসক দল। এ হেন পরিস্থিতির মধ্যে শুক্রবারের এই হাই ভোল্টেজ বৈঠক রাজনৈতিক দিক দিয়ে যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল। আর বৈঠক শেষেই জানা গেল এই দলীয় বৈঠকে কয়েকটি বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় সিদ্ধান্তটি হল দলের সংখ্যালঘু সেলের সভাপতিকে বদল করলেন তিনি। সূত্রের খবর, তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হাজী নুরুলকে সরিয়ে ওই পদে আনা হল মোশারফ হোসেনকে। রাজনৈতিক মহলের অভিমত, সাগরদিঘির পরাজয় এদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মূল আলোচনার বিষয় ছিল। ওই হারের জেরেই দলের সংখ্যালঘু সেল নতুন করে সাজানোর উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাগরদিঘির ক্ষত তৃণমূলের জন্য কতটা তাৎপর্যপূর্ণ, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল আগেই। নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি পর সাগরদিঘি নির্বাচনে সংখ্যালঘু ভোট বাক্সে বড় প্রভাব পড়েছিল বলেই মত তৃণমূলের একাংশের। যদিও তৃণমূলের দলীয় রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কখনই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল না। কংগ্রেসের সঙ্গে সব সময় হাড্ডাহাড্ডি লড়াই ছিল সাগরদিঘিতে। তবে রিপোর্টে যাই থাকুক শুক্রবার দলের সংখ্যালঘু সেলের সভাপতি বদল প্রমাণ করে দিল সাগরদিঘি উপনির্বাচনে সংখ্যালঘু ভোটে ধ্বস নেমেছে তৃণমূলে। দলীয় সূত্রে খবর, সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক থেকে শুরু করে দুর্নীতি- একাধিক ইস্যুতেই এদিন কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে দলের নেতাদের বিশেষ বার্তা দেন তিনি। এমনকি উত্তরবঙ্গ নিয়ে এবার নতুন রণকৌশল তৈরি করেছেন তৃণমূল নেত্রী, এমনটাই দলীয় সূত্রে খবর। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।



More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক