Home » রিষড়াকাণ্ডে এবার হাইকোর্টে শুভেন্দু, হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন বিরোধী দলনেতার

রিষড়াকাণ্ডে এবার হাইকোর্টে শুভেন্দু, হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন বিরোধী দলনেতার

সময় কলকাতা ডেস্ক,৪ এপ্রিলঃ সোমবার রাতে নতুন করে অশান্ত হয়ে ওঠে রিষড়া। এবার হাইকোর্টে হস্তক্ষেপ চেয়ে আবেদন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুভেন্দু। গোটা বিষয়টি খতিয়ে দেখে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অতিরিক্ত হলফনামা জমা দিয়ে রিষড়ার অশান্তির কারণ বিবরণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে নতুন করে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। তাতে প্রশ্নের মুখে পড়ে রাজ্যের আইন শৃঙ্খলা। সোমবার রিষড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে ওই এলাকা পরিদর্শনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সোমবারই এই ইস্যু নিয়ে আদালতে যাওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সোমবার রাতেই আরও বেশি উত্তেজনা ছড়ায় রিষড়া এলাকায়। মঙ্গলবার সকালে এই ইস্যুটি উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।


অন্যদিকে,রিষড়াকাণ্ডের জেরে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে মাঝপথেই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু, রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি বাতিল করেছে রাজ্যপাল। সোমবার রাতের ঘটনার পরই মঙ্গলবার তড়িঘড়ি বাগডোগরা থেকে বিমানে চড়ে কলকাতায় ফিরলেন সি ভি আনন্দ বোস। কলকাতায় পৌঁছেই গাড়ি নিয়ে সোজা রাজ্যপালের কনভয় পৌঁছে যায় রিষড়ায়। কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল জানিয়েছেন, “ রিষড়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না। দুষ্কৃতীদের কোনওভাবে আইন নিজেদের হাতে নিতে দেওয়া চলবে না। পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এই কালো শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলার মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষা করা হবে। বাংলার মানুষ বহুদিন ধরে রাজনীতির ‘ক্রিমিনালাইজেশন’-এর জন্য ভুক্তভোগী। মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। বাংলার মানুষ অনেক সহ্য করেছে। যারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সমাজে এই ধরনের অশান্তি চিরকালের জন্য বন্ধ হওয়া প্রয়োজন।’’


প্রসঙ্গত, রবিবার বিকেলে রিষড়ায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা,বিধায়ক। অশান্তির জেরে নিরাপত্তা বিঘ্নিত হয় বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। যদিও নিরাপত্তা রক্ষীরা তাঁকে সময়মতো ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় কোনও বিপদ হয়নি। ইতিমধ্যেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর,রিষড়া ৫ নং ওয়ার্ড এলাকায় জিটি রোডের উপর আচমকাই মিছিলে হামলা চলে বলে অভিযোগ। চলে ইটবৃষ্টি। তাতে মোহন আদকের গাড়ির কাঁচ ভাঙে, আহত হন বিধায়ক বিমান ঘোষও। তাঁদের তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহত বিধায়ককে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হাসপাতালে। সরব বিজেপি। সাংবাদিক বৈঠক করে রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অভিযোগে কার্যত ফেটে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

About Post Author