Home » কাতার বিশ্বকাপে খেলেছিলেন এমবাপের বিপক্ষে, এবার সেই বিশ্বকাপারই সবুজ মেরুনের পথে!

কাতার বিশ্বকাপে খেলেছিলেন এমবাপের বিপক্ষে, এবার সেই বিশ্বকাপারই সবুজ মেরুনের পথে!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ এপ্রিল: দল এখন কেরালায় ব্যস্ত সুপার কাপ অভিযানে। আর ইতিমধ্যেই কাল বিলম্ব না করেই এটিকে মোহনবাগান ক্লাব কর্তারা নেমে পড়েছেন আগামী মরশুমের দল গঠনের কাজে। ক্লাব সূত্রের খবর, গত কাতার বিশ্বকাপে খেলা এক ফুটবলারকে দলে নেওয়ার জন্য ঝাপিয়েছেন সবুজ মেরুন কর্তারা। কে এই ফুটবলার? জানা গিয়েছে ফুটবলারটির নাম জেসন কামিংস। অস্ট্রেলিয়া দলের হয়ে গত কাতার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন ২৭ বছরের এই ফুটবলার।  যদিও তিনি জন্মসূত্রে স্কটিশ। স্কটল্যান্ডের জাতীয় দলের হয়ে ২০১৭-১৮ মরশুমে খেলেছেন। এরপর জাতীয় দলে সুযোগ না মেলায় অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন। ২০২২ সাল থেকে নিয়মিত খেলছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে। ৩ ম্যাচ খেলে একটি গোলও করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে। শুধু তাই নয় ছিলেন অস্ট্রেলিয়ার কাতার বিশ্বকাপের দলেও।

আরও পড়ুন   কাতার বিশ্বকাপে খেলেছিলেন এমবাপের বিপক্ষে, এবার সেই বিশ্বকাপারই সবুজ মেরুনের পথে!

জেসনের ক্লাব ক্যারিয়ার শুরু হয় স্কটিশ ক্লাব হিবর্নিয়ান এফসির হয়ে। এই ক্লাবের হয়ে ১১৪ ম্যাচে করেছেন ৫৬ টি গোল। ২০১৫-১৬ মরশুমে হিবর্নিয়ানের হয়ে স্কটিশ কাপ জেতেন জেসন। এরপর প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট তাঁকে সই করায়। ইউরোপীয় প্রথমসারির ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে জেসনের। গত মরশুমে অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনারের হয়ে করেছেন ৪৩ ম্যাচে ২৬ গোল। এবার এই বিধ্বংসী স্ট্রাইকারকে দলে পেতে মরিয়া শতাব্দী প্রাচীন ক্লাব। ক্লাবের একটি সুত্রের দাবি, জেসনের সঙ্গে প্রাথমিক স্তরে ইতিবাচক কথা হয়েছে ক্লাব কর্তাদের।

গত মরশুমে আইএসএলের খেতাব ঘরে এনেছে এটিকে মোহনবাগান। এর আগে এটিকে আইএসএল জিতেলেও, শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে সংযুক্তির পর এই প্রথমবার গঙ্গাপারের ক্লাবে ঢুকল আইএসএল ট্রফি। গোটা টুর্নামেন্টে গোলের একাধিক সুযোগ তৈরি হলেও, বেশিরভাগ সুযোগই কাজে লাগাতে পারেনি সবুজ মেরুন আক্রমণভাগ। এটিকে মোহনবাগানের আক্রমনে প্রায়ই পেত্রাতোসকে অসহায় মনে হয়েছে। তাই এবার পেত্রাতোসের পাশে তাঁর দেশের এই ফুটবলারকে এনে চমক দিতে চাইছেন ক্লাব কর্তারা।

About Post Author