Home » ফার্স্ট বনাম সেকেন্ডের লড়াই, রাজস্থানকে হারিয়ে শেষ হাসি লখনউ সুপার জায়ান্টদের

ফার্স্ট বনাম সেকেন্ডের লড়াই, রাজস্থানকে হারিয়ে শেষ হাসি লখনউ সুপার জায়ান্টদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ এপ্রিল: মর্যাদার লড়াইয়ে বাজিমাৎ লখনউ সুপার জায়ান্টদের। আইপিএলে জয়পুর স্টেডিয়ামে রাজস্থান রয়্যালকে হারাল লখনউ সুপার জায়ান্টস। প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস। ব্যাট ও বল হাতে দুরন্ত খেলে ম্যাচের সেরা মার্কোস স্টইনস। আইপিএলের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে লখনউ সুপার জায়ান্টরা মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালের। চলতি আইপিএলে প্রথম নিজেদের ঘরের মাঠ জয়পুরের সওয়াই মানসিংহ ইন্দোর স্টেডিয়ামে ম্যাচ খেলেন সঞ্জু স্যামসন, জস বাটলাররা। এর আগের ঘরের ম্যাচগুলি অসমে খেলতে হয়েছিল রাজস্থানকে।

এদিন ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। জয়পুরের মন্থর পিচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লখনউ। সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন কাইল মায়ার্স। তাঁকে যোগ্য সঙ্গত দেন লখনউ অধিনায়ক কে এল রাহুল। ৩২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। দুজনের ৮২ রানের ওপেনিং পার্টনারশিপ লখনউয়ের ইনিংসের ভিতটি গড়ে দিয়েছিল।

আরও পড়ুন    বেজিংয়ের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৯ জন


যদিও এরপর বোলারদের দাপটে ম্যাচে ঘুরে দাঁড়ায় রাজস্থান। ২৩ রানে দুটি উইকেট তুলে লখনউ শিবিরকে জোর ধাক্কা দেন রবিচন্দ্র অশ্বিন। দুরন্ত বোলিং করেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ টি উইকেট নেন এই কিউয়ি পেসার। শেষের দিকে মার্কোস স্টইনিস ও নিকোলাস পুরানের লড়াকু ইনিংসে ম্যাচে ফেরে লখনউ। স্টইনিস ১৬ বলে ২১ রান ও পুরান ২০ বলে ২৯ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার, জসস্বী জয়সওয়াল ও জস বাটলারের দৌলতে শুরুটা খারাপ করেনি রাজস্থান। যদিও এই ম্যাচে চেনা বিধ্বংসী বাটলারকে পাওয়া যায়নি। ১১ ওভারে ৮৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। একটা সময়ে মনে হচ্ছিল ঘরের মাঠে রাজস্থানের প্রথম জয় পাওয়া স্রেফ সময়ে অপেক্ষা। কিন্তু এরপর রাজস্থানের ইনিংসে ধাক্কা দেন মার্কোস স্টইনিস। ১২ তম ওভারে ৩৫ বলে ৪৪ রানে জসস্বীকে, ও ১৪ তম ওভারে ৪১ বলে ৪০ রান করা জস বাটলার কে ফিরিয়ে রাজস্থান শিবিরকে জোড়া ধাক্কা দেন।

আরও পড়ুন     এবার নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘আদিপুরুষ’

এরপর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেবদত্ত পাড়িক্কল ২১ বলে ২৬ রান করলেও, বাকিরা দলকে জয়ের লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে ব্যর্থ হন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামতে হয় আইপিএলের শীর্ষে থাকা রাজস্থানকে।লখনউয়ের হয়ে ৩ টি উইকেট নেন আবেশ খান। ২ টি উইকেট নেন স্টইনিস। এছাড়াও ৪ ওভারে ১১ টি ডট বল করে রাজস্থানের ব্যাটারদের বেশ চাপে রেখেছিলেন আফগান পেসার নবীন উল হক। ১০ রানে ম্যাচ জিতে নেয় কে এল রাহুল বাহিনী।ম্যাচে শেষে লখনউয়ের বোলারদের প্রশংসার পাশাপাশি মন্থর পিচ নিয়ে কিছুটা হতাশা ঝড়ে পড়ল রাজস্থান অধিনায়কের গলায়। যদিও ম্যাচ হেরেও লিগ টেবিলের খুব বেশি পরিবর্তন হল না। সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে এখনও লিগের শীর্ষেই রইল রাজস্থান।

About Post Author