স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ এপ্রিল: প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনালে বাজিমাৎ ম্যানচেস্টার সিটির। এটিহাড স্টেডিয়ামে লিগ শীর্ষে থাকা আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দিলেন পেপ গুয়ার্ডিওলার ছেলেরা। জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলজিয়ান মিডফিল্ডার কেভিন, ডি ব্রুইন। বাকি দুটি গোল করেন জন স্টোনস ও অর্লিং হাল্যান্ড। অপরদিকে প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক লিভারপুলের। সিটি, লিভারপুল জিতলেও হেরে গেল চেলসি।
.@ManCity in the driving seat ????#MCIARS pic.twitter.com/yYtzlfzdnB
— Premier League (@premierleague) April 26, 2023
একদিকে ম্যানচেস্টার সিটির সামনে ট্রেবল জয়ের হাতছানি, তো অন্যদিকে দীর্ঘ প্রায় দুই দশক পর আর্সেনালের সামনে প্রিমিয়ার লিগ ঘরে তোলার সুযোগ। কে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষের পথে এক ধাপ এগিয়ে যাবে? বুধবার রাতে ফুটবল মহলের নজর ছিল সেদিকেই। ম্যানচেস্টারের এটিহাড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষে থাকা দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। সাধারণত এই স্টেডিয়ামের গ্যালারি বছরের অন্যান্য সময় ফাঁকাই থাকে। তা নিয়ে কম কটাক্ষ শুনতে হয় না ম্যানচেস্টার সিটিকে। তবে এদিনের এটিহাড স্টেডিয়ামের চেহারাটা ছিল একদম অন্যরকম। আকাশী ও লাল সাদা জার্সিধারিরা এদিন দখল নিল এই গ্যালারির। লন্ডন থেকে ইতিহাসের সাক্ষী হতে ম্যানচেস্টারে উড়ে গিয়েছিলেন হাজার হাজার আর্সেনাল সমর্থক।
আরও পড়ুন কার্লেস কুয়াদ্রাত কি ইস্টবেঙ্গলের সুদিন ফেরাবেন?

মাঠের বাইরে আর্সেনালের উপস্থিতি টের পাওয়া গেলেও, মাঠের মধ্যে পাওয়া গেল না। লন্ডনের ক্লাবটি যে এ ম্যাচে খুব খারাপ খেলেছে, এমনটা বলতে পারবেন না অতি বড় আর্সেনালের প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরাও। কিন্তু আর্সেনালকে হারতে হল সিটির পোড়খাওয়া ম্যানেজার পেপ গুয়ার্ডিওলার মস্তিষ্কের কাছে। চেনা কৌশল বদল করতে পছন্দ করেন এই স্প্যানিশ কোচ। এদিনও করলেন কখনও ৪-৪-২, কখনও ৪-২-৩-১, আবার সুযোগ বুঝে ৩-২-৪-১ ছকে দল সাজালেন পেপ। বিপক্ষের পায়ে এদিন বলের দখল বেশি থাকলেও, হাই প্রেসিং ফুটবল খেলে বিপক্ষকে ৯০ মিনিট চাপে রাখল গুয়ার্ডিওলার ছেলেরা। পাল্টা ৪-৪-২ ছকে খেলতে গিয়ে দলের বিপদ ডেকে আনল আর্সেনাল। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যে আর্সেনাল রক্ষণকে পরাস্ত করে অবলীলায় গোল করে গেলেন কেভিন ডি ব্রুইন। এরপর প্রথমার্ধে অনেকগুলি গোলের সুযোগ তৈরি করে সিটি। তবে আর্সেনাল তেকাঠির তলায় এদিন দুর্ভেদ্য হয়ে ওঠেন গোলরক্ষক অ্যারন রামসডেলে। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোলের ব্যবধান বাড়ায় ম্যানচেস্টার সিটি। এই গোলের রূপকারও বেলজিয়ান মিডফিল্ডার। ডি ব্রুইনের ফ্রিকিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান সিটি ডিফেন্ডার জন স্টোনস। প্রথমে অফসাইডের বাঁশি বাজান রেফারি। কিন্তু ভার-এ দেখা যায় অনসাইডে ছিলেন স্টোনস।

বিরতির পরও দাপুটে ফুটবল খেলে সিটি ফুটবলাররা। ম্যাচের ৫৪ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ান ডি ব্রুইন। গোলের বলটি তাঁকে সাজিয়ে দিয়েছিলেন হাল্যান্ড। অন্যদিন গোলের ঠিকানা লেখা বল গুলি হাল্যান্ডের উদ্দ্যেশ্যে বাড়ান ডি ব্রুইন। এদিন দেখা গেল উল্টোপুরাণ। এরপর আর্সেনাল ম্যাচে প্রত্যাবর্তন করবে এমন আশা করেননি অতি বড় আর্সেনাল সমর্থকও। নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে সিটি ফুটবলারদের গা ছাড়া মনোভাবের সুযোগ নিয়ে একটি গোল শোধ করে আর্সেনাল। গোল করেন হোল্ডিং। একটি গোল হজম করে ফের জ্বলে ওঠে আকাশী বাহিনী। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে আর্সেনালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হাল্যান্ড।এই হারের ফলে ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই রয়েছে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ওই দুই ম্যাচে জিতলে লিগ শীর্ষে উঠে যাবেন পেপ গুয়ার্ডিওলার ছেলেরা।
আরও পড়ুন ইস্টবেঙ্গলের হটসিটে সুনীলদের প্রাক্তন হেডস্যার

বুধবার রাতে প্রিমিয়ার লিগের অপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে লিভারপুল ও চেলসিও। ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে ১ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে য়ুর্গেন ক্লপের ছেলেরা। ম্যাচের ১২ মিনিটে লুকাস পাকেটার গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। ১৮ মিনিটে লিভারপুলের হয়ে গোল শোধ করেন ডাচ ফরওয়ার্ড কোডি গাকপো। ম্যাচের ৬৭ মিনিটে মাতিপের গোলে জয় নিশ্চিত করে লিভারপুল। পরপর তিন ম্যাচে জিতে লিগ তালিকার ছয় নম্বরে উঠে এল তারা। লিভারপুল জয় পেলেও হেরে গেল চেলসি। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে নীল জার্সিধারীরা হারল ২-০ গোলে। ম্যাচের ৩৭ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ৭৮ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান এমবুয়েমো।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার