সময় কলকাতা ডেস্ক, ৫ মে: হিন্দু শাস্ত্র মতে পূর্ণিমা হল একটি শুভক্ষণ। এই পূর্ণিমা তিথিতে অনেক দেব দেবীর পূজাও হয়ে থাকে। বৈশাখ মাসে যেই পূর্ণিমা হয়, সেই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। প্রতি বছর বৈশাখ পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। আজ অর্থাৎ শুক্রবার, বুদ্ধ পূর্ণিমা। সারা পৃথিবীতে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। এই বুদ্ধ পূর্ণিমা বৈশাখ পূর্ণিমা নামেও পরিচিত। এই পবিত্র দিনটি সনাতন ও বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এদিন সারাদেশ উৎসবে মেতে থাকে। নিয়ম মেনে, এ দিন বৌদ্ধ মঠ ও মন্দির পরিষ্কার করা হয়। খুব সুন্দর করে সাজানো হয় মন্দির ও মঠগুলি। এমনকী বিশেষ পুজো ও সৎসঙ্গের আয়োজনও করা হয়। সারা দেশ ও বিশ্বে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয়।

বুদ্ধ পূর্ণিমার ইতিহাস :
নেপালের লুম্বিনী-তে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ বা গৌতম বুদ্ধ। তাঁর পিতার নাম শুদ্ধোধন ও মাতা ছিলেন মায়াদেবী।গৌতম বুদ্ধের আরেকনাম ছিল সিদ্ধার্থ। তাঁর মা জন্মের সাত দিন পরেই মারা যান এবং তাঁর মাসি গৌতমী তাঁকে লালনপালন করেন। মাত্র ২৯ বছর বয়সে, ভগবান বুদ্ধ একজন সন্ন্যাসী হন এবং এরপর তিনি আধ্যাত্মিকতার পথে হাঁটেন। ৬ বছর কঠিন তপস্যার পর, বৈশাখ পূর্ণিমার দিনে বোধগয়াতে বোধি গাছের নীচে সত্য জ্ঞান লাভ করেন। ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে বৈশাখ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধ পাঁচটি উপাদানে একত্রিত হয়েছিলেন। একে বলা হয় পরিনির্বাণ দিবস।
আরও পড়ুন গঙ্গা ভাঙন রোধে ১০০ কোটি দিলেন মুখ্যমন্ত্রী

নিয়ম- নীতি :
ভগবান বুদ্ধের উপাসকরা এদিন সকালবেলা উঠে পবিত্র স্নান সেরে তাঁর জন্মবার্ষিকী পালন শুরু করেন। ভক্তরা বিশ্বাস করেন এদিন স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
এদিন সকালবেলা চারিদিকে গঙ্গা জল ছেটানো হয়। ঘর পরিষ্কার করা হয়। এছাড়াও সারাবাড়ি ফুল পাতা দিয়ে সাজানো হয়।
বৌদ্ধধর্ম অনুসরণকারীরা এই দিনে বুদ্ধগয়া-তে যান এ দিন বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এই দিনটিতে অনেকে দান -ধ্যান করেন। দরিদ্রদের খাওয়ানো হয়। এই দিনে বোধগয়াতে বিভিন্ন জায়গা থেকে আসা প্রচুর ভক্তের সমাগম হয়।

দিনক্ষণ :
হিন্দু ক্যালেন্ডার মতে , ৪ মে বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিট থেকে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে এবং শেষ হবে শুক্রবার, ৫ মে রাত ১১ টা ৩০ মিনিটে অর্থাৎ দ্বিতীয় দিনে।বুদ্ধ পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হচ্ছে এ বছর।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও