Home » কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম

সময় কলকাতা ডেস্ক, ১১ মে: কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি  আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, হাইকোর্টের অন্যান্য বিচারপতিরাও। এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল,রাজ্যের এডভোকেট জেনারেল, সঞ্চালকের ভূমিকায় ছিলেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। রয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সুপ্রিম কোর্টের কলেজিয়ম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করেছে।  গত ১ মে  সোমবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।  এর আগে গত ৩০ মার্চ তাঁকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছিল কেন্দ্রীয় আইনমন্ত্রক। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ শেষ  হয়েছিল ৩০ মার্চ। এরপর ৩১ মার্চ থেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদে দায়িত্ব সামলাচ্ছিলেন  টিএস শিবজ্ঞানম। গত ফেব্রুয়ারি মাসেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করে। বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিলেন। এরপর কেন্দ্রীয় আইনমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন  তিনি। অবশেষে ১ মে প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হয় তাঁকে।

আরও পড়ুন  ব্যোমকেশ দেবের সত্যবতী ও ‘দুর্গ রহস্য’ মুক্তির রহস্য ফাঁস

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে টুইটে  লিখেছিলেন, ‘কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল’। বিচারপতি টিএস শিবজ্ঞানম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি পাশ করেন। মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে তাঁর নাম লেখান। এরপরই ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসাবে নিযুক্ত হন।

About Post Author