Home » ফুটবল মাঠে মর্মান্তিক পরিণতি! পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু, আহত শতাধিক

ফুটবল মাঠে মর্মান্তিক পরিণতি! পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু, আহত শতাধিক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ মে: ফুটবল মাঠে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ম্যাচ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ১২ জন সমর্থকদের। এছাড়াও গুরুতর জখম অবস্থায় ভর্তি শতাধিক। ঘটনাটি ঘটেছে মধ্য আমেরিকার এল সালভাদরের রাজধানী সান সালভাদরে। আর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে। ব্রাজিলিয়ানরা বলেন, ফুটবল খেলাকে বলেন জোগো বোনিতো। লাতিন শব্দ দুটির অর্থ ‘সুন্দর খেলা’ বা ‘দ্যা বিউটিফুল গেম’। কিন্তু সুন্দর খেলা সবসময় সুন্দর থাকে না। যেরকম থাকেনি ১৯৮০ সালের ১৬ অগস্ট। সেদিন বড় ম্যাচকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার ইডেন গার্ডেন। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন স্টেডিয়ামে উপস্থিত ১৬ জন দর্শক। আহত হয়েছিল তার থেকেও বেশি। তারপর থেকে আজও ডার্বির আগে মহানগরী একটাই প্রার্থনা করে, এই সুন্দর খেলার জন্য আর কোনো মায়ের কোল যেন খালি না হয়।

যদিও ফুটবল মাঠের এরকম ভয়াবহতার ঘটনা বিশ্বজুড়ে বেশ কয়েকবার ঘটেছে। এবার যেমন ঘটল মধ্য আমেরিকার এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি স্টেডিয়ামে। জানা গিয়েছে, কাসকাতলান স্টেডিয়ামে একটি ম্যাচে মুখোমুখি হয় দুটি স্থানীয় জনপ্রিয় ক্লাব এফসি আলিয়াঞ্জা এবং এফএএস। ম্যাচ শুরু হওয়ার আগে নিয়ম মেনে স্টেডিয়ামের বাইরে ভিড় জমাতে শুরু করে দুই দলের সমর্থকরা। গ্যালারিতে প্রবেশের জন্য দুটি প্রবেশদ্বার থাকলেও উপস্থিত দর্শকদের তুলনায় যা বেশ কিছুটা কম। এরফলে একদল সমর্থক উচ্ছাসে বন্ধ গেট পেড়িয়ে দর্শক আসনের দিকে যাওয়ার চেষ্টা করে। হুড়হুড়িতে অনেকেই নিচে পড়ে যান।

আরও পড়ুন   রাজীব গান্ধির প্রয়াণ দিবসে মমতা-অভিষেকের শ্রদ্ধার্ঘ্য


সেখানকার ন্যাশনাল সিভিল পুলিশের ডিরেক্টর মাউরিকো আরাইজার মতে, ঘটনায় পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে। এছাড়াও শতাধিক সমর্থককে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে। দুর্ঘটনার পরই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। স্থানীয় প্রশাসনের সাহায্যে খালি করা হয় স্টেডিয়াম।ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে। বুকলে বলেন প্রচুর লোক একসঙ্গে স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিলেন। সেই সময়েই এই ঘটনা ঘটে। তিনি আশ্বাস দিয়েছেন গোটা ঘটনার বিশদ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। সেখানের পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনার তদন্ত করবে বলেও জানিয়েছেন তিনি।

About Post Author