Home » রাজীব গান্ধির প্রয়াণ দিবসে মমতা-অভিষেকের শ্রদ্ধার্ঘ্য

রাজীব গান্ধির প্রয়াণ দিবসে মমতা-অভিষেকের শ্রদ্ধার্ঘ্য

সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ প্রায় ৩২ বছর আগে, ১৯৯১ সালের আজকের দিনে, রাত দশটায় তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এলটিটিই মানববোমায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ৪৬ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির দেহ। রবিবার রাজীব গান্ধির প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ শ্রদ্ধা জানিয়ে এবার ফেসবুকে পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক রৌদ্র-ছায়ার মতো। অনেকে বলছেন অম্ল মধুর। কোনও অবস্থাতেই কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটে থাকতে চাইছেন না তৃণমূল নেত্রী। কর্ণাটকে বিপুল জয়ের পরে কংগ্রেসের দুই নেতা সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার দু’জনেই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য মমতাকে ফোন করেছিলেন। কিন্তু অভিনন্দন জানিয়েও স্বয়ং সেখানে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাঠান কাকলি ঘোষ দস্তিদারকে।

আরও পড়ুন    এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২

কিন্তু, রাজীব গান্ধির সঙ্গে বরাবরই অত্যন্ত হৃদ্য সম্পর্ক ছিল মমতার। তাঁকে প্রায় বোনের মতই দেখতেন রাজীব। এমনকী মহাকরণ অভিযানে পুলিশি মারে আহত হবার পরে খোদ রাজীব গান্ধি নিজে একাধিকবার খবরা খবর নিয়েছিলেন, চিকিৎসা তদারকি করেছিলেন। বস্তুত, রাজীবের মৃত্যুর পরেই নানাভাবে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে মমতার। বেরিয়ে এসে তৈরি করেন নিজের নতুন দল। আজ তাই কংগ্রেসের সঙ্গে নানা বিষয়ে মতানৈক্য হলেও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবসে স্মরণ করতে ভোলেননি মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জানিয়েছেন অভিষেকও।

About Post Author