Home » আইপিএল ফাইনালের ছাড়পত্র পেতে লড়াই ধোনির চেন্নাই মুখোমুখি হার্দিকের গুজরাটের

আইপিএল ফাইনালের ছাড়পত্র পেতে লড়াই ধোনির চেন্নাই মুখোমুখি হার্দিকের গুজরাটের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ মে: ষোলোতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ার ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। প্রায় দুই মাস ধরে চলা বিশ্বের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের সূচনা হচ্ছে মঙ্গলবার থেকে। এই ম্যাচ জিততে পারলেই গুজরাট বা চেন্নাইয়ের সরাসরি মিলবে সরাসরি ফাইনালের ছাড়পত্র । তবে হারলেও ফাইনালে ছাড়পত্র পাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে জেতা দলকে হারাতে হবে।

আর এই মেগা ম্যাচে গুজরাট টাইটানন্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। ম্যাচটি হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। গত ১৭ মার্চ এই দুই দলের ম্যাচ দিয়ে আইপিএল ২০২৩ এর সূচনা হয়েছিল। আবার কাকতালীয়ভাবে দ্বিতীয় পর্বের সূচনাও হচ্ছে এই দুই দলের খেলা দিয়েই। আর এই ম্যাচে জুটবে ফাইনালের ছাড়পত্র।

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে গুজরাট টাইটান্স। লিগের ১৪ টি ম্যাচের মধ্যে ১০ টি ম্যাচ জিতেছেন হার্দিকরা। লিগের শীর্ষে থেকেই প্লে অফের যোগ্যতা অর্জন করেছে গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট। আর এই ম্যাচ জিতলে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে যাবে তাঁরা। আর ফাইনাল জিতলে আইপিএলের ইতিহাসে নতুন নজির স্থাপন করবে গুজরাট। কারণ এর আগে এই কীর্তি রয়েছে চেন্নাই সুপার কিংসের। ২০১০ ও ২০১১ মরশুমে ধোনির নেতৃত্বে আইপিএল জিতেছিল চেন্নাই। ২০১৯ ও ২০২০ মরশুমে এই নজির রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সেরও। এবছর গুজরাট চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে পরপর দুই মরশুম আইপিএল জেতার নজির গড়বেন হার্দিকরা।

সেই নজির গড়ার ক্ষেত্রে গুজরাটের সামনে প্রথম বাঁধা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই। আইপিএলের ১৬টি সংস্করণের মধ্যে ১৪টিতে খেলেছেন ধোনিরা। চার বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, মোট নয়বার এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন ধোনিরা। এই মরশুমে ৮ টি ম্যাচ জিতেছেন তাঁরা। একটি ম্যাচ বৃষ্টিতে ভণ্ডুল হয়ে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। মোট ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্বের অভিযান শেষ করে হলুদ জার্সিধারীরা। ২০২১ সালে শেষবার আইপিএল ট্রফি জেতে তাঁরা। তবে গত বছর নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল চেন্নাইকে। তবে এই মরশুমে ফের একবার বিশ্বের সব থেকে বড় টি-২০ টুর্নামেন্টে নিজেদের আধিপত্য প্রদর্শন করছে ধোনিব্রিগেড।

মঙ্গলবার মাঠে নামার আগে চেন্নাইকে স্বস্তিতে রাখছে পরিসংখ্যান। চিপকে এখনও পর্যন্ত মোট ৬৩ টি ম্যাচ খেলেছেন ধোনিরা। জিতেছেন ৪৪ টি। জয়ের হার ৬৯.৮৪ শতাংশ। তবে এখনও আইপিএলে গুজরাটকে পরাস্ত করতে পারেনি চেন্নাই। এখনও পর্যন্ত মোট ৩ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তিন বারই জিতেছে গুজরাট। সেক্ষেত্রে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ জেতার ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে গুজরাট।

এদিনের ম্যাচে গুরুত্বপূর্ণ হতে পারে টস। পরিসংখ্যান বলছে এই মরশুমে চিপকে রান তাড়া করে জেতার নজিরই বেশি। সেক্ষেত্রে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা ক্রিকেট মহলের।

About Post Author