Home » ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বালেশ্বরে,লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৭০

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বালেশ্বরে,লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৭০

সময় কলকাতা ডেস্ক, ৩ জুন: ভয়াবহ রেল দুর্ঘটনা ওড়িশার বালেশ্বরে। মর্মান্তিক দুর্ঘটনার কবলে করমন্ডল এক্সপ্রেস। ঘটনার জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অন্যদিকে আহত ৬০০-রও বেশি। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালানো হচ্ছে। দুর্ঘটনার সময়ে বহু যাত্রী রেলের বগি থেকে ছিটকে পড়ে যান বলেই সূত্রের খবর।

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে গোটা ঘটনা প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলমন্ত্রীর তরফে জানানো হয়েছে, নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু ২ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে। ওড়িশা সরকারের তরফে সব রকম সাহায্যের কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫ সদস্যের টিম, উদ্ধারকারী দল এবং ২৫ টি এম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে পাঠানো হয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র, চিকিৎসার সরঞ্জাম, চিকিৎসকের দল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। একসঙ্গে করমন্ডল এক্সপ্রেস,যশবন্তপুর- হাওড়া এবং একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পরে। পাশাপাশি ধাক্কা লাগে তিনটি ট্রেনের।  করমন্ডলের পাশে ছিল মালগাড়ি। ওই ট্রেনটিকে ধাক্কা দেয় করমন্ডল এক্সপ্রেস। শালিমার- চেন্নাই করমন্ডল এক্সপ্রেস এর মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা উল্টে গিয়েছে।  আরও চারটি কামরা ছিটকে গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, করমন্ডল এক্সপ্রেস অত্যন্ত দ্রুতগতিতে আসার ফলে একটি মালগাড়ির ওপরে উঠে যায়। যার ফলে করমন্ডল এক্সপ্রেস-এর ১৫  টি কামরা লাইনচ্যুত হয়। একই সঙ্গে পাশের লাইন থেকে আসা যশবন্তপুর- হাওড়া এক্সপ্রেস টিরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।

আরও পড়ুন  সফল অস্ত্রোপচার ‘ক্যাপ্টেন কুলের’, আরও একটি আইপিএল খেলার প্রার্থনা ভক্তদের

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল, 033-22143526,22535185। হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বরটি হল, 033-26382217। বালাসোর ডিভিশনের হেল্পলাইন নম্বরগুলি হল 8249591559,7978418322 শালিমার ডিভিশনের হেল্পলাইন নম্বরটি হল 9903370746।

About Post Author