Home » কয়লা পাচার মামলায় মলয় ঘনিষ্ঠ শঙ্কর চক্রবর্তীকে তলব ইডির

কয়লা পাচার মামলায় মলয় ঘনিষ্ঠ শঙ্কর চক্রবর্তীকে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক,৭ জুনঃ সোমবারই কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির তলবের কথা শিরোনামে উঠে এসেছিল। এরপর মঙ্গলবার মলয়ের ঘনিষ্ঠ তথা আসানসোলের ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্কর চক্রবর্তীকে তলব করেছে ইডি। সূত্রের খবর, আগামী সপ্তাহে তাঁকে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আসানসোলের গ্লাস কারখানার কর্মী ছিলেন শঙ্কর। ১৯৮২ সালে সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি কংগ্রেসে যোগ দেন। সেই সময় থেকেই মলয় ঘটকের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। মলয় তখন অবিভক্ত বর্ধমানের দাপুটে কংগ্রেস নেতা।

আরও পড়ুন    পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ, প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ রাজ্য

মলয়বাবু পেশায় আইনজীবীও। মন্ত্রী হওয়ার আগে পর্যন্ত নিয়মিত প্র্যাকটিস করতেন তিনি। শঙ্কর ছিলেন মলয়ের মুহুরি। জানা গিয়েছে, এর আগে ইডি তাঁর কাছ থেকে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি চেয়েছিল। সেসব কেন্দ্রীয় এজেন্সিকে তিনি জমাও দিয়েছেন বলে দাবি করেছেন শঙ্করের কাউন্সিলর স্ত্রী দীপা। আগামী ১৯ জুন মলয়কে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছ। জানা গিয়েছে শঙ্কর ছাড়াও মলয় ঘনিষ্ঠ আরও কয়েকজনকে ডেকে পাঠিয়েছে ইডি। যা কয়লা মামলার তদন্তে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।

ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় গত দু’দিনে এসেছেন ইডির ২০ জন অফিসার। তাঁদের মধ্যে জয়েন্ট ডিরেক্টর স্তরের অফিসার রয়েছেন বেশ কয়েকজন। সূত্রের খবর, গত সপ্তাহে কলকাতায় দফায় দফায় বৈঠক করেছিলেন ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্র। তারপর থেকেই ২০ জন অফিসার কলকাতায় এসেছেন। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের আগে এই বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এর মধ্যেই জানা গিয়েছে, ইডির আতস কাচের নীচে এবার পঞ্চায়েতের নিয়োগও। হুগলিতে গত ১০ বছরে পঞ্চায়েত স্তরে কোথায় কী নিয়োগ হয়েছে সে ব্যাপারে তথ্য চেয়ে পাঠিয়েছে ইডি।

আরও পড়ুন    বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, নতুন করে সনাক্ত প্রায় শতাধিক দেহ

সম্প্রতি কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে একাধিক জনকে নোটিস পাঠিয়েছে ইডি। তাঁদের মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তাছাড়া ১৯ জুন দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। সেইসঙ্গে মলয় ঘনিষ্ঠ আরও কয়েকজনকে ইডি তলব করেছে দিল্লিতে। এসবের মধ্যেই বাংলায় ইডির এত অফিসার আসাকে অনেকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন।

About Post Author