সময় কলকাতা ডেস্ক,১৩ জুনঃ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, এদিন ভাঙড়ে নব জোয়ার কর্মসূচি থাকার কারণে সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না অভিষেক। ইতিমধ্যেই অভিষেক ইমেল মারফত ইডিকে জানিয়ে দিয়েছেন তিনি ১৩ জুন হাজিরা দিতে পারবেন না। উল্লেখ্য, গত সপ্তাহে কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তার হাজিরা দিয়ে বেরোনোর কিছুক্ষণ পরেই জানা যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠিয়েছে ইডি। যদিও, সেই রাতেই নদিয়ায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে উপস্থিত থেকেই অভিষেক জানিয়ে দেন তিনি কারোর চাকর নন। নবজোয়ার শেষ হলেই পঞ্চায়েতের প্রচার। ৮ জুলাই ভোট মিটলে দেখা যাবে। সেই কথা মতোই এদিন সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না অভিষেক।
আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির বেঞ্চ

এদিকে ১৪ তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত ইডির হেফাজতে থাকবেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তার আগেই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে ডেকে পাঠিয়েছিল ইডি। এর আগে গত ২০ মে সিবিআই কয়লা পাচার মামলায় জেরা করেছিল অভিষেককে। কুন্তল ঘোষের চিঠি কাণ্ড নিয়ে আদালতের নির্দেশে সিবিআই সেই তলব করেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। নবজোয়ার কর্মসূচির মাঝে সিবিআই তলবে হাজিরা দিতে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে আসতে হয়েছিল অভিষেককে। ১৯ ঘণ্টার কম সময়ে তাঁকে নোটিস পাঠিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন ন’ঘণ্টা ৪০ মিনিট জেরা করা হয়েছিল অভিষেককে।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনে নজরদারি চালাবে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র গ্রেফতারির পর শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। বিরোধীদের অনেকেই বলছেন, পার্থর গ্রেফতারির থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই কাকুর গ্রেফতারি। রাজনৈতিক মহলের মতে, এই গ্রেফতারি অনেকখানি তাৎপর্যপূর্ণ। সুজয়কৃষ্ণ ভদ্র অভিষেকের অফিসের কর্মচারী। তার উপর ডায়মন্ড হারবারের সাংসদ সুপ্রিম কোর্টেও রক্ষাকবচ পাননি। স্বাভাবিকভাবেই, তদন্তের গতি প্রকৃতির ওপর নজর থাকবে প্রত্যেকেরই। ইডি সূত্রে জানা গিয়েছে কালীঘাটের কাকু একাধিক কোম্পানির সঙ্গে জড়িত রয়েছে। লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড-এর এএমডি পোস্টে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কোম্পানিরই ডিরেক্টরস বোর্ডের একটি তালিকায় নাম ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। কিন্তু,লোকসভা ভোটের আগেই এই কোম্পানি থেকে ইস্তফা দেন কালীঘাটের কাকু। প্রাথমিক তদন্তে ইডি-র অনুমান,কালীঘাটের কাকু একাধিক কোম্পানির মাধ্যমে ঘুরপথে কালো টাকা সাদা করত। কার্যত সেকারণেই কালীঘাটের কাকু এবং অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেই দাবি রাজনৈতিক মহলের।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ