Home » কালিয়া নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মাছের রেজালা

কালিয়া নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মাছের রেজালা

সময় কলকাতা ডেস্ক,১৩ জুনঃ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। রেজালা মানেই কি চিকেন? অথবা পনির? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক কাতলা মাছের রেজালা। কাতলা মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কাতলা রেজালা। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে কাতলা মাছের রেজালা। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে কাতলা রেজালা। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন মজাদার ক্রিমি কর্ন স্যান্ডউইচ


উপকরণ
কাতলা মাছ-৫ পিস
গোটা কাজু-১০-১২টা
লবঙ্গ-৪-৫টা
পোস্ত-২ টেবল চামচ
দই-১ কাপ
দারচিনি-২টো
ছোট এলাচ-৪-৫টা
পেঁয়াজ বাটা-১ কাপ
আদা, রসুন বাটা-২ টেবল চামচ


গোটা গোলমরিচ-৮-১০টা
তেজপাতা-১টা
শাহ মরিচ গুঁড়ো-আধ চা চামচ
ধনে গুঁড়ো-১ টেবল চামচ
কেওড়া জল-১ চা চামচ
ঘি-২ টেবল চামচ
ভেজিটেবল অয়েল-২ টেবল চামচ
নুন ও চিনি-স্বাদ মতো

আরও পড়ুন   ইডি দফতরে হাজিরা এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


রন্ধন পদ্ধতি
প্রথমেই কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। এবার কাজু ও পোস্ত মিহি করে পেস্ট করে নিন। একটা বড় বাটিতে মাছ, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, নুন দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর কড়াইয়ে ঘি ও তেল গরম করে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাছ দিয়ে চাপা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা তুলে কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়ো, শাহ মরিচ গুঁড়ো ও চিনি দিয়ে ভাল করে মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার মাঝারি আঁচে ২০ মিনিট রাখুন। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ফোটাতে থাকুন। গ্রেভি ঘন হয়ে এলে কেওড়া জল ছড়িয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন। ছুটির দিনে বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন কাতলা রেজালা।

About Post Author