সময় কলকাতা ডেস্ক,২১ জুনঃ প্রাণনাশের ভয় রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। মঙ্গলবার মামলার শুনানির পর আদালের স্পষ্ট নির্দেশ, ভাঙড়ের যা পরিবেশ তাতে বিধায়কের নিরাপত্তা চাওয়া অমূলক নয়। তাঁকে এই নিরাপত্তার বন্দোবস্ত কেন্দ্রীয় সরকারকে করতে হবে। এদিন কেন্দ্রের উদ্দেশে হাইকোর্ট বলে, বিধায়কের আবেদনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ভাঙড় যথেষ্ট স্পর্শকাতর। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার তার রিপোর্ট দেবে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন বলেও খবর। যা নিয়ে তৃণমূল কংগ্রেস গত ৪৮ ঘণ্টা ধরে নওসাদ-বিজেপি আঁতাত নিয়ে সরব। ইতিমধ্যে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে জেড ক্যাটেগরির নিরাপত্তাবলয় দিয়েছে রাজ্য সরকার। নওসাদ প্রথমে রাজ্যের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু নবান্ন তাতে সায় না দেওয়ায় কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিয়ে মামলা করেন আইএসএফ বিধায়ক।

উল্লেখ্য, গত শুক্রবার নওসাদ সিদ্দিকির একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ‘ফাঁস’ হয়েছিল। সেই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। তবে ওই স্ক্রিনশটে দেখা গিয়েছিল, একুশের ভোটের সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন নওসাদ। নিত্যানন্দ রাই অমিত শাহর ডেপুটি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিত্যানন্দ রাইয়ের অধীনেই রয়েছে। অবশ্য অমিত শাহর চূড়ান্ত অনুমতি অবশ্যই প্রয়োজন। বিজেপি সরকার নওসাদকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার পর তৃণমূল এখন দুইয়ে দুইয়ে চার করে দেখাতে চাইছে।

প্রসঙ্গত,গত সপ্তাহের বৃহস্পতিবার মনোনয়নের শেষপর্বেও রণক্ষেত্র ভাঙড়। মুড়িমুড়কির মতো বোমা পড়ে ভাঙড় ২ বিডিও অফিসের বাইরে। চলে বেশ কয়েক রাউণ্ড গুলিও। তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সংঘর্ষে আবার অশান্ত হয়ে ওঠে ভাঙড়। তার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক আইএসএফ কর্মীর। জখম হন দুই তৃণমূল কর্মীও। এমনটাই দাবি যুযুধান দুই পক্ষের। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাঁঠালিয়া মোড়ে আবার মুড়িমুড়কির মতো বোমাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে গুলি চালানোরও। বাজারে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।


More Stories
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
লাল প্রতীক এখন সবুজ, প্রতীক উর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে