Home » মনোনয়ন পর্বে জেলায় জেলায় অশান্তির জের, রাজভবনে খোলা হল ‘পিস রুম’

মনোনয়ন পর্বে জেলায় জেলায় অশান্তির জের, রাজভবনে খোলা হল ‘পিস রুম’

সময় কলকাতা ডেস্ক,২১ জুনঃ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক জেলায় অশান্তি অব্যাহত। জেলায় জেলায় সন্ত্রাস নিয়ে বারবার অভিযোগ তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। তাই শান্তি ফেরাতে রাজভবনে ‘পিস রুম’  খোলার কথা ঘোষণা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের সেই ঘোষণা অনুযায়ী খুলে দেওয়া হল রাজ্যপালের কন্ট্রোল রুম। ‘পিস রুম’- এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসতে শুরু করেছে রাজ্যপালের কন্ট্রোলরুমে।

সিভি আনন্দ বোসের সাত মাসের মেয়াদে অন্তত সাতটি বিষয়ে নবান্নের সঙ্গে তাঁর সংঘাত বেধেছে। তবে মূল বিষয় তিনটি। প্রথমত, নন্দিনী চক্রবর্তীকে ঘিরে। দুই, উচ্চশিক্ষা ক্ষেত্রে উপাচার্য নিয়োগ ঘিরে এবং তিন, পঞ্চায়েত নির্বাচন। অথচ, একেবারে প্রথমে হাতেখড়ি পর্বে রাজ্যপালের সঙ্গে নবান্নের সম্পর্ক এতটাই ভাল ছিল যে, অনেকেই ভেবেছিলেন, তাঁর পূর্বসূরি জগদীপ ধনখড়ের ‘তিক্ততা’-কে পুরোপুরি মুছে ফেলতে চাইছেন বোস। কিন্তু তারপর পঞ্চায়েত নির্বাচনে তাঁর পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালকে তোপ দেগেছে শাসক দল।

মূলত, ভোট সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ জানতে এবং সেগুলির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতেই রাজভবনে খোলা হয়েছে এই সাহায্য কক্ষ। যার নাম দেওয়া হয়েছে ‘পিস রুম’। যে কেউ ‘পিস রুম-এ অভিযোগ জানাতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজভবনের তরফে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে সমস্যাগুলি পাঠানো হবে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাংলায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম ও হুমকির অভিযোগ প্রতিদিনই উঠছে। নাগরিকদের সাহায্য করতেই ‘পিস রুম’ খুলল রাজভবন। এবার সরাসরি নাগরিকেরা তাঁদের অভিযোগ রাজ্যপালকে জানাতে পারবেন। ফোন করে বা ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। ‘পিস রুম’-এর ফোন নম্বর হল, 03322001641 আর ইমেইল আইডি হল,   OSD2w.b.governor@gmail.com।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশকে কেন্দ্র করে ভাঙড়ের পাশাপাশি সংবাদ শিরোনামে উঠে এসেছিল ক্যানিং-ও। মনোনয়ন পেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পরিস্থিতি। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পরেই পরিস্থিতি তেতে ওঠে ক্যানিংয়ে। গোটা মনোনয়ন পর্বে প্রায় প্রতিদিন বোমাবাজিতে ঘুম উড়েছে এলাকার মানুষের। চলে গুলির লড়াইও। দোকান ও বাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। শাসক-বিরোধী লড়াইয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বারবার। শুধু রাজনৈতিক দলের কর্মীরাই নন, আক্রান্ত হন সাধারণ মানুষও। অশান্তির দায়ে পুলিশ এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করে।

About Post Author