Home » বিরোধীরা মনোনয়ন দিতে পারেনি কেন? পুলিশের কাছে থানার সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা হাইকোর্ট

বিরোধীরা মনোনয়ন দিতে পারেনি কেন? পুলিশের কাছে থানার সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক,২১ জুনঃ নির্দেশ সত্ত্বেও বিরোধীরা মনোনয়ন দিতে পারেনি কেন? পুলিশের কাছে থানার সিসিটিভি ফুটেজ চাইল হাইকোর্ট। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ও হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, যাঁরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা পাচ্ছেন, তাঁদের এসকর্ট করে নিয়ে গিয়ে মনোনয়ন করাতে হবে কলকাতা পুলিশকে। কিন্তু অভিযোগ, আদালতের সেই নির্দেশের পরেও জায়গায় জায়গায় গোলমাল, বোমাবাজি, গোলাগুলি চলার অভিযোগ এসেছে। সেই ঘটনায় এদিন হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল পুলিশ।

আদালতের প্রশ্ন, পুলিশ তাহলে কী করছিল? গত ১৫ এবং ১৬ জুন আদালতের দেওয়া নির্দেশ পালনেই বা কী ব্যবস্থা নিয়েছে পুলিশ? পাশাপাশি, ক্যানিং, মিনাখা, ভাঙড়, ন্যাজাট, জীবনতলা এলাকায় বিরোধীরা যাতে নিরাপদে মনোনয়ন জমা দিতে পারে, তার জন্য কোথায় কত পরিমাণ পুলিশ দেওয়া হয়েছিল, সেই তথ্য চেয়ে পাঠিয়েছে আদালত। এমনকী, ওই গোলমালের আগে ও পরে কতজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে সেই খতিয়ানও চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির স্পষ্ট নির্দেশের পরেও কেন প্রার্থীরা মনোনয়ন দিতে পারল না, পুলিশের কাছে তার কৈফিয়ত চেয়ে পাঠিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন  তিন দিনের ঠাসা কর্মসূচি নিয়ে মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

আদালতের নির্দেশ, গত ১৪ থেকে ১৬ জুনের মধ্যে সমস্ত থানা এলাকায় থানা ও বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ পেন ড্রাইভে করে জমা দিতে হবে আদালতের কাছে। পাশাপাশি, ১০ দিনের মধ্যে পুলিশকে হলফনামা দিয়ে এই সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। পরবর্তী তিনদিনের মধ্যে মামলকারীরা তার জবাব দেবেন। দু-সপ্তাহ পরে ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

About Post Author