Home » পঞ্চায়েত ভোটে ৮২ হাজারেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

পঞ্চায়েত ভোটে ৮২ হাজারেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক,২২ জুনঃ কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা খাওয়ার পরে রাজ্য নির্বাচন কমিশন জেলাওয়াড়ি মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু বুধবার তা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করে জানিয়ে দিল, পঞ্চায়েত ভোট করাতে ৮২ হাজারেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কেন্দ্রীয় বাহিনী নামানোর ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্য নির্বাচন কমিশন যথাযথ ভাবে পালন করেনি বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে মঙ্গলবার হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেছিলেন বিরোধী দলনেতা।

বুধবার সেই মামলার শুনানির সময়ে মামলাকারীর আইনজীবী বলেন, প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা বলেছে রাজ্য নির্বাচন কমিশন। এক কোম্পানি মানে কার্যত ৮০ জন অ্যাক্টিভ পার্সোনেল। বাকিরা ড্রাইভার, রাধুনি ইত্যাদি। এর পরই রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, ২২ জেলার জন্য মাত্র ১৭০০ বাহিনী তথা জওয়ান, মোটেই পর্যাপ্ত নয়। মনে হচ্ছে, নির্বাচন কমিশন এমন ভাবে কোর্টের নির্দেশ বলবৎ করছে যাতে কাজের কাজ কিছু না হয়।

আরও পড়ুন     ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের

এদিন ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ২০১৩ সালে ভোট হয়েছিল ৫ দফায়। তখন মোট ১ লক্ষ ৫ হাজার রাজ্য পুলিশ ও ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তখন পশ্চিমবঙ্গের জেলা ছিল ১৭টি। এখন তা বেড়ে হয়েছে ২২ টি। সুতরাং সেই হিসাবে এবার পঞ্চায়েত ভোটে ৮২ হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সাধারণ হিসাবে ৮২ হাজার বাহিনী মানে প্রায় ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এদিন বিচারপতি তাঁর রায় ঘোষণার সময়ে বলেছেন, প্রতি কোম্পানিতে ৮০ জন অ্যাক্টিভ পার্সোনেল থাকে। সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এবার পঞ্চায়েত ভোটে প্রায় ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে থাকবে রাজ্য পুলিশ। আদালতের স্পষ্ট নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে হাইকোর্টের রায় বলবৎ করার লক্ষ্যে পদক্ষেপ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।

About Post Author