Home » ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় ইকে গুন্ডয়ান

ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় ইকে গুন্ডয়ান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুন: জল্পনার অবসান। ম্যানচেস্টার সিটি ছেড়ে এবার বার্সেলোনার পথে ইকে গুন্ডয়ান। ফ্রি এজেন্ট হিসেবে স্পেনের ক্লাবে যোগ দিলেন তিনি। আগামী তিন মরশুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এই জার্মান মিডফিল্ডার। গত মরশুমে ত্রিমুকুট জয় করে রেকর্ড গড়েছিল সিটি ব্রিগেড। দলের সেই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল ৩২ বছরের জার্মান মিডফিল্ডারের। তিনিই ছিলেন পেপ গুয়ার্দিওলার দলের মিডফিল্ড ইন জেনারেল। সতীর্থ রড্রি ও কেভিন ডি ব্রইনার সঙ্গে তাঁর বোঝাপড়া সিটির সাফল্যের অন্যতম কারণ বলে মনে করে ফুটবল মহলের একাংশ। মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে গোল করেও দলকে জিতিয়েছেন। তাঁর মধ্যে অন্যতম এফএ কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল।

আরও পড়ুন   মোক্তার দাহারিকে টপকে সুনীলের তাড়া মেসি, রোনাল্ডোকে

লা লিগা জয়ী বার্সেলোনা তাঁকে দলে নিচ্ছে বিদায়ী মিডফিল্ডার সের্জিও বুস্কেটসের জায়গায়। প্রায় দুই দশক ক্যাতালোনিয়ার ক্লাবে খেলে বার্সেলোনাকে এই মরশুমে বিদায় জানিয়েছেন বুস্কেটস। এখন সেই পদে জার্মান তারকা নিজেকে মানিয়ে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার। দলবদলের বাজারে পিছিয়ে নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। তাঁদের লক্ষ্য চেলসির আক্রমণাত্মক মিডফিল্ডার ম্যাসন মাউন্ট।

আগামী বছরে চেলসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাঁর। সূত্রের খবর চেলসির নতুন প্রস্তাবে রাজি নন মাউন্ট। বিগত মরশুমে যথেষ্ট সুযোগ না মেলায় তিনি চাইছেন ক্লাব ছাড়তে। আর তাঁর প্রথম পছন্দ ইউনাইটেড। তবে মাউন্টকে ছাড়তে বেশ বড় অঙ্কের ট্রান্সফার মূল্য ধার্য করেছে চেলসি শিবির। তবে মনে করা হচ্ছে সেই মূল্য দিয়েই মাউন্টকে দলে নেবে রেড ডেভিলসরা।

আরও পড়ুন  দলবদলের বাজারে ফের ‘মাস্টারস্ট্রোক’ মোহনবাগানের

মাউন্টের পাশাপাশি, ইন্টার মিলানের গোলরক্ষক আন্দ্রে ওনানা ও ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার ডেক্লান রাইসকেও দলে পেতে আগ্রহী এরিক টেন হ্যাগের দল। ওনানাকে দলে নেওয়ার ক্ষেত্রে যদিও ইউনাইটেডকে অপেক্ষা করতে হবে গোলরক্ষক ডেভিড ডি হেয়ার সিদ্ধান্তের উপর। আর রাইসকে দলে নেওয়ার ক্ষেত্রে ইউনাইটেডকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটির মত ক্লাবের সঙ্গে। অপরদিকে নিউক্যাসেলের পথে এবার এসি মিলানের তারকা মিডফিল্ডার স্যান্দ্রো টোনালি। প্রায় ৭০ মিলিয়ন রেকর্ড অর্থের বিনিময়ে ছয় বছরের চুক্তিতে ইংল্যান্ডের ক্লাবে সই করতে চলেছেন তিনি।

About Post Author