সময় কলকাতা ডেস্ক,২৪ জুনঃ পঞ্চায়েতের মহারণের আগে জনসংযোগ বৃদ্ধি করতে মানুষের মাঝে পৌঁছেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরই নেতৃত্বে সম্প্রতি নবজোয়ার যাত্রা শেষ হয়েছে। সেই যাত্রা শুরু হয়েছিল উত্তরবঙ্গের কোচবিহার থেকে। যাত্রার সমাপ্তি হয়েছিল কাকদ্বীপে। সূত্রের খবর, সেই রুটেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি মাসের শেষ থেকেই পঞ্চায়েতের প্রচার কর্মসূচি শুরু করে দেবেন তিনি।

সূত্রের খবর, এই মাসের ২৫, ২৬ এবং ২৭ জুন জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো। তারপর একে একে বিভিন্ন জেলা ধরে সেই প্রচার এগিয়ে আসবে রাজ্যের দক্ষিণভাগে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় তৃণমূলের শক্তি ক্ষয় হয়েছে। তা নিয়ে যে শাসকদলের মধ্যে উদ্বেগ রয়েছে, তা স্পষ্ট। তৃণমূলের অনেকেরই বক্তব্য, নবজোয়ার যাত্রার মাধ্যমে অনেক ক্ষততেই প্রলেপ পড়েছে।
আরও পড়ুন ৮২২ নয়, পঞ্চায়েত ভোটের জন্য ৩৩৭ কোম্পানির ফোর্স অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রকের

তবে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার ইত্যাদিতে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ বারবার নজরে এসেছে। যা পঞ্চায়েতের মনোনয়ন থেকে প্রত্যাহার পর্বে ক্রমশই তীব্র হয়েছে। বহু জায়গায় নির্দল প্রার্থী রয়েছেন। মনে করা হচ্ছে, প্রচারে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিতে চাইবেন, জোড়া ফুলের টিকিট পেয়েছেন যাঁরা, তাঁরা আসলে তাঁরই মনোনীত প্রার্থী। ফলে ভোটটা যেন জনগণ তৃণমূলের প্রার্থীকেই দেন। এদিকে, পঞ্চায়েত নির্বাচন অভিষেকের সাংগঠনিক দক্ষতার অন্যতম পরীক্ষা। সেই পরীক্ষাতেই হয়তো লাস্ট মিনিট সাজেশন দিতে বেরোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
অভিষেকের দুয়ারে ইডি
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর