Home » অশান্ত মণিপুর, অবশেষে দিল্লিতে সর্বদলীয় বৈঠক কেন্দ্রের

অশান্ত মণিপুর, অবশেষে দিল্লিতে সর্বদলীয় বৈঠক কেন্দ্রের

সময় কলকাতা ডেস্ক,২৪ জুনঃ অশান্ত মণিপুর নিয়ে অবশেষে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। শনিবার বিকেল ৩’টায় স্বরাষ্ট্রমন্ত্রকে এই বৈঠক বসবে বলেই জানা গিয়েছে। বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুর নিয়ে এটি তাঁর দ্বিতীয় সর্বদলীয় বৈঠক। প্রথম বৈঠকটি ডেকেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ইম্ফলের সেই বৈঠক কার্যত কোনও কাজেই আসেনি। মণিপুরে হিংসা শুরুর ৫২ দিন অতিবাহিত হওয়ার পরও প্রধানমন্ত্রী মোদি একটি শব্দও ব্যয় করেননি। সূত্রের খবর, শনিবাবের বৈঠকে বিরোধী দলগুলি, বিশেষভাবে কংগ্রেস মণিপুর নিয়ে মুখ্যমন্ত্রী বীরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভূমিকা নিয়ে সরব হবে।


বেশ কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ইম্ফলে গেলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। শাহের সফরের পর আরও অন্তত ৭০জন খুন হয়েছেন রাজ্যে। মণিপুর নিয়ে বিরোধী শিবিরের মধ্যে সবচেয়ে সরব কংগ্রেস। তারা লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। সোমবার সনিয়া গান্ধি মণিপুর নিয়ে ভিডিও বিবৃতি দেওয়ার পর শাহের মন্ত্রক দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডাকে। শনিবারের বৈঠকে কংগ্রেসের তরফে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইবোবি সিং এবং দলের তরফে ওই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ হাজির থাকতে পারেন।

আরও পড়ুন   পঞ্চায়েতে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ খারিজ করে দিল হাইকোর্ট

শুক্রবার পাটনায় বৈঠকের পর বিরোধী দলগুলি শনিবারের বৈঠকে এক সুরে সরকারকে চেপে ধরতে পারে।প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতিতে হতে যাওয়া এই বৈঠককে কংগ্রেস তেমন গুরুত্ব দিতে চায় না। তবে সরকারের ব্যর্থতা তুলে ধরাই প্রধান বিরোধী দলের কৌশল। রাহুল গান্ধী, জয়রাম, কেসি বেণুগোপালরা শুক্রবার পর্যন্ত দফায় দফায় প্রশ্ন তুলেছেন, মণিপুর নিয়ে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী কেন থাকবেন না। রাজ্য স্তরের প্রথম সর্বদলীয় বৈঠকে কংগ্রেস সহ একাধিক দল মণিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল। সেই সঙ্গে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিও ওঠে। শনিবারের বৈঠকেও তেমন দাবি ওঠার সম্ভাবনা রয়েছে।

গত দু’মাস ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। জাতিদাঙ্গার কারণে চলছে মৃত্যু মিছিল। ইতিমধ্যে প্রায় ১২৫জনের প্রাণ গিয়েছে। আহত অসংখ্য। এলাকা ছাড়া প্রায় ৫০ হাজার পরিবার। প্রাণ রক্ষায় আশপাশের রাজ্যে পালিয়েছে বহু পরিবার।  কয়েক হাজার মানুষ পরিবার নিয়ে ঘর ছাড়া। এই পরিস্থিতিতে যখন নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন প্রধানমন্ত্রীর মার্কিন সফরের মধ্যে মণিপুর নিয়ে বিবৃতি দিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। বিবৃতিতে সনিয়া এদিন একবারও প্রধানমন্ত্রীর কথা বলেননি, বিজেপি সরকারের ব্যর্থতার কথাও বলেননি। শুধু কাতর আর্জি জানিয়েছেন, মণিপুরে জাতিদাঙ্গা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার। সনিয়া গান্ধি এও বলেছেন, আমি একজন মা, তাই মা হয়ে মণিপুরের মা বোনেদের কাছে আবেদন জানাচ্ছি, সন্তান ও পরিবারের কথা ভেবে আপনারা চেষ্টা করুন যাতে শান্তি ফিরিয়ে আনা যায়।

About Post Author