Home » লাল হলুদের দল বদল সমাচার, “ভিটামন-এম” সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল!

লাল হলুদের দল বদল সমাচার, “ভিটামন-এম” সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ জুন: বিনিয়োগকারী সংস্থা থাকলেও আর্থিক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রের খবর, এই কারণে একাধিক ফুটবলারের সঙ্গে কথা পাকা হলেও সই করাতে পাচ্ছে না দল। গত তিন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে খেললেও সাফল্য নেই শতাব্দী প্রাচীন ক্লাবের ঝুলিতে। দলবদলের বাজারেও এখন সেরকম কদর নেই দলের। কারণ অবশ্যই টাকা। একদিকে যখন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান-সহ দেশের প্রথম সারির ক্লাবগুলি মোটা টাকার থলি নিয়ে দলবদলের বাজারে নামছে, তখন লাল হলুদের দল বদল মাথায় রেখে  লড়তে হচ্ছে সীমিত পুঁজিকে সম্বল করে। যদিও এই মরশুমে গত মরশুমের তুলনায় অনেক বেশি টাকা লগ্নি করছে ইমামি। তবে, তারপরেও কতটা ভালো মানের দল তৈরি করে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সারির দলগুলিকে টেক্কা দিতে পারে লাল হলুদ তানিয়ে চিন্তিত সমর্থকরা।

সেরা দল গড়লেই যে সাফল্য আসবে এরকম নয়। তবে, এবার শুরু থেকেই ভালো মানের দল তৈরি করতে উদ্যোগ নিয়েছে ইস্টবেঙ্গল ও ইমামী কর্তারা। দেশের জার্সিতে খেলা একঝাঁক ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন নন্দ কুমার শেখর, এডউইন ভানস্পল, নিশুকুমারের মত ফুটবলাররা। দীর্ঘদিন পর লাল হলুদে প্রত্যাবর্তন করছেন হরমনজ্যোত সিং খাবরা। দেশীয় ফুটবলারদের পাশাপাশি, বিদেশী হিসেবে ইতিমধ্যে দলে নেওয়া হয়েছে তিন ফুটবলার বোরহা হেরেরা, জ্যাভিয়ার সিভেরিও ও সল ক্রেস্পোকে।

আরও পড়ুন   ভারতীয় দলে কেন এখনও ব্রাত্য সরফরাজ?

সূত্রের খবর, এই তিন ফুটবলারকে সই করাতে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে দলকে। সর্বোপরি স্টিভেন কনস্ট্যানটাইনকে সরিয়ে হটসিটে বসানো হয়েছে স্পেনীয় কার্লেস কুয়াদ্রাতকে। যিনি ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম সফল কোচ। গত মরশুমে লাল হলুদ জার্সিতে দুরন্ত খেলা নাওরেম মহেশ সিংকে আবার দলে পেতে ঝাঁপিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের দলগুলি। এদের মধ্যে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টস। তবে ক্লাব সূত্রের খবর, মহেশের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে চায় ইস্টবেঙ্গল।

তবে এতেই যথেষ্ট নয়। দলের ভারসাম্য বজায় রাখতে হলে এখনও অনেক ফুটবলারকে সই করাতে হবে লাল হলুদকে। সেই তালিকায় রয়েছেন কেরালা ব্লাস্টার্স এফসির গোলরক্ষক প্রভসুকান সিং গিল, চেন্নাইয়ান এফসির বাঙালি ফরওয়ার্ড রহিম আলী, জামশেদপুরের ফরওয়ার্ড ঈশান পন্ডিতা- সহ আরও একঝাঁক ফুটবলার। এরসঙ্গে রয়েছে আরও এক বা দুই জন বিদেশী ফুটবলারও। অস্ট্রেলিয়ার একজন ডিফেন্ডারকে এশীয় কোটায় দলে নেওয়ার চিন্তা ভাবনা করছে লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। ইভানের সঙ্গে চুক্তি জট কেটে যদি ইভানকে ক্লাব ছেড়ে দেয় সেক্ষেত্রে আরও এক বিদেশী ডিফেন্ডারকে দলে নিতে পারে কুয়াদ্রাত ব্রিগেড।

তবে তালিকার ফুটবলারদের দলে নেওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা হচ্ছে ভিটামিন-এম। কারণ এই ফুটবলারদের সঙ্গে তাঁদের ক্লাবের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। ইস্টবেঙ্গলকে যদি এখন এদের দলে নিতে হয় তাহলে খসাতে হবে মোটা অঙ্কের ট্রান্সফার ফি। তাই অনেক ফুটবলারের সঙ্গে মৌখিক কথা বার্তা এগিয়ে থাকলেও চুক্তি করতে পারছে না লাল হলুদ। সূত্রের খবর, বাঙালি ফরওয়ার্ড রহিম আলি বা জাতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে থাকা ঈশানর জন্য অল আউট ঝাঁপিয়েছে ক্লাব।

আরও পড়ুন   এই ভারতীয় ফুটবলারে মজে বলিউডের ‘বেবি ডল’

ক্লাব সূত্রের খবর, প্রথম পছন্দ ঈশানই। যদিও জামশেদপুরের এই ফুটবলার অনেকটাই ঝুঁকে রয়েছে চেন্নাইয়ানের ডিকে। সেক্ষেত্রে প্ল্যান-বি হিসেবে রহিম আলীর সঙ্গে কথা বার্তা শুরু করেছে ক্লাব। এখন টাকার সমস্যা কাটিয়ে কতজনকে দলে নিতে পারে ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী ক্লাব সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

About Post Author