Home » ভারতীয় দলে কেন এখনও ব্রাত্য সরফরাজ?

ভারতীয় দলে কেন এখনও ব্রাত্য সরফরাজ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুন: সদ্য সমাপ্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার এখনও মানতে পারছে না দেশের ক্রিকেট পাগল জনতা। ভারতীয় দলে ক্রিকেটার, কোচ থেকে শুরু করে নির্বাচকমন্ডলীর সদস্য সমালোচনা থেকে বাদ যাচ্ছেন না কেউই। সমালোচনা হওয়াটা স্বাভাবিক। কারণ, যে দেশের জনতার কাছে ক্রিকেটটা শুধুই খেলা নয় একটা আবেগ। সেখানে দেশের ক্রিকেট দল শেষবার আইসিসির কোনও খেতাব জিতেছে দশ বছর আগে। এরপর থেকে বড় টুর্নামেন্টে প্রাপ্তি শুধুই ব্যর্থতা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট ও একদিনের সিরিজ খেলবে ভারত। ইতিমধ্যে সেই সিরিজগুলির জন্য দল ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সেই দল থেকে বাদ দেওয়া হয়েছে চেতেশ্বর পুজারার মত অভিজ্ঞ ক্রিকেটারকে। এবার দলগঠনে ভবিষ্যত প্রজন্মকে গুরুত্ব দেওয়া হয়েছে। রুতুরাজ গায়কোয়াড, জসস্বী জয়সোওয়াল, মুকেশ কুমারের মত একঝাঁক তরুণ মুখ রয়েছে দলে।

অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবারও নির্বাচকদের চোখে ব্রাত্যই রয়ে গেলেন সরফরাজ খান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক রান করে চলেছেন মুম্বইয়ের এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭ ম্যাচ খেলে করেছেন ৩৫০৫ রান। গড় ৭৯.৬৫। রয়েছে ১৩টি শতরান। তারপর অনেকেই মনে করেছিলেন যে এবার জাতীয় দলে ঢোকার ভাগ্য খুলবে সরফরাজের। কিন্তু দল গঠনের পর দেখা গেল টেস্ট দলে সুযোগ পেয়েছেন তুলনামূলক অনভিজ্ঞ জসস্বী জয়সওয়াল। যিনি গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন।

 

এখানেই দলে প্রাক্তন ক্রিকেটারদের প্রশ্ন, যদি টেস্ট দল গঠনের ক্ষেত্রে আইপিএলকে প্রাধান্য দিতে হয় তাহলে প্রথম শ্রেণীর টুর্নামেন্টগুলির গুরুত্ব কি? ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কারও এক্ষেত্রে ব্যাট ধরেছেন সরফরাজের হয়ে। তিনি বলছেন,”গত তিন মরশুম ধরে সরফরাজ নিয়মিত রান করে চলেছেন। রানের গড় প্রায় ১০০। তাঁকে দলে সুযোগ পেতে হলে আর কি করতে হবে? সে প্রথম একাদশে সুযোগ না পেতে পারে, কিন্তু তাঁকে দলে রাখা উচিৎ। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর পারফরম্যান্সকে স্বীকার করা উচিৎ। নতুবা রঞ্জি ট্রফি বন্ধ করে দেওয়া হোক। ঘোষণা করা হোক রঞ্জি ট্রফি গুরুত্ব হারিয়েছে। এখন থেকে আইপিএলই সব।”

যদিও নির্বাচকমণ্ডলী সূত্রে খবর, সরফরাজকে দলে না নেওয়ার পিছনে রয়েছে অন্য কারণ। নির্বাচকমণ্ডলীর এক সদস্য জানিয়েছেন, সরফরাজের ফিটনেস ও শৃঙ্খলার কারণে তাঁকে দলে রাখা হয়নি। এক্ষেত্রে মনে করা হচ্ছে গত মরশুমে রঞ্জি ট্রফিতে দিল্লি বনাম মুম্বই ম্যাচের কথা। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মুম্বইয়ের ২৫ বছরের ক্রিকেটারটি। এরপর মাঠের মধ্যে আগ্রাসী ভঙ্গিমায় সেই সেঞ্চুরির উদযাপন করতে থাকেন। ওই সময় মাঠে উপস্থিত ছিলেন তৎকালীন নির্বাচক প্রধান চেতন শর্মাও। বিষয়টি তিনি ভালোভাবে নেন নি। যদিও তাঁদের এই দাবিকে মানতে নারাজ নেটিজেনরা। তাঁদের দাবি, ফিটনেস সমস্যা থাকলেও তো তিনি দিব্যি রান করে চলেছেন। আবার অনেকে বলছেন, যদি আচরণগত সমস্যার কারণে তাঁকে দলে না নেওয়া হয়, তাহলে তো কোহলিকে সবার প্রথমে দল থেকে বাদ দিতে হয়।

About Post Author