স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুন: বলি তারকাদের ক্রীড়াপ্রেম নতুন ঘটনা নয়। প্রায়শই কখনও জাতীয় দলের জার্সিতে, বা কখনও নিজের প্রিয় ক্রিকেট ও ফুটবল দলের জার্সিতে ধরা দেন বলি তারকারা। অনেকে আবার নিয়ম করে ক্রিকেট বা ফুটবল মাঠে যান প্রিয় দলকে সমর্থন করতে। পছন্দের ক্রিকেটার বা ফুটবলারের সঙ্গে নিজস্বী তুলতেও দেখা যায় তাঁদের। এবার ইনস্টাগ্রামে নিজের প্রিয় ফুটবলারের নাম জানালেন বলিউডের ‘বেবি ডল’ সানি লিওন।
আরও পড়ুন ভারতীয় দলে কেন এখনও ব্রাত্য সরফরাজ?

ইনস্টাগ্রামে একটি প্রশ্ন-উত্তর পর্বে এক সানি ভক্ত তাঁকে প্রশ্ন করেন, আপনার প্রিয় ফুটবলার কে? দুটি অপশন দেওয়া হয়, একটি পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নাম। কিন্তু সানির উত্তরে চমকে যান সকলে। তিনি রোনাল্ডো ও মেসিকে ছেড়ে বেছে নেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে। সানির উত্তরে দারুণ খুশি ভারতীয় ফুটবল সমর্থকরা।

এখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উত্তর পর্ব খুবই জনপ্রিয়। এই পর্বগুলির মধ্যে দিয়ে নিজেদের অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন তারকারা। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের প্রশ্ন করা হয়ে থাকে। এবার সেরকমই এক ফুটবল সমর্থক সানিকে ফুটবল নিয়ে প্রশ্ন করেন। যদিও সানির উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না সেই অনুরাগী। তিনি জানিয়ে দেন বিশ্বকাপ জয়ী মেসি বা রোনাল্ডো নন তাঁর মনে রয়েছেন শুধুই ভারত অধিনায়ক।

চলতি সাফ কাপে নিয়মিত গোল করে চলেছেন সুনীল। ইতিমধ্যে জাতীয় দলের হয়ে করেছেন ৯০ এর বেশি গোল। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি, রোনাল্ডোর সঙ্গে প্রথমের সারিতে রয়েছে তাঁর নাম। মেসি,রোনাল্ডোর থেকে গোলে পিছিয়ে থাকলেও সানির মনে যে তিনি এই দুইজনকে টেক্কা দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে