Home » বিশ্বকাপের ম্যাচ না পেয়ে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভ, এবার বিসিসিআইকে চিঠি দিলেন পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী

বিশ্বকাপের ম্যাচ না পেয়ে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভ, এবার বিসিসিআইকে চিঠি দিলেন পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জুলাই: ঘোষণা হয়ে গিয়েছে আসন্ন আইসিসি বিশ্বকাপের ক্রীড়াসূচি। মঙ্গলবার মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ করেন বিসিসিআই সচিব জয় শাহ। বিশ্বকাপের ম্যাচ পাওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামকে। আহমেদাবাদ ছাড়াও দেশের আরও ১১ টি ক্রিকেট স্টেডিয়ামে এবার বসতে চলেছে ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্টের মেগা আসর।

তবে এই ১১ টি স্টেডিয়ামের তালিকায় ঠাঁই না পেয়ে বিভিন্ন রাজ্য অসন্তোষ দেখাচ্ছে। সেই তালিকায় নবতম সংযোজন হল পঞ্জাব। পঞ্জাবের মোহালি কেন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার বরাত পেল না? জানতে চেয়ে বিসিসিআই সভাপতি ও সচিবকে চিঠি লিখলেন পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিংহ। চিঠিতে তিনি জানিয়েছেন, মোহালি ক্রিকেট স্টেডিয়ামের পরিকাঠামো বিশ্ব মানের। এই মাঠই আইপিএলে পঞ্জাব কিংসের ঘরের মাঠ। শেষ আইপিএলেও এই মাঠে খেলেছেন শিখর ধাওয়ানরা।

আরও  পড়ুন   ৩ অগস্ট শুরু হচ্ছে ডুরান্ড, প্রায় আড়াই দশক পর খেলবে বিদেশী দল

এরসঙ্গে পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, ভারত শেষ দুবার বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৯৬ ও ২০১১ সালে। সেই দুইবার বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল মোহালিতে। এরমধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনাল। যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সব ম্যাচই সুষ্ঠুভাবে আয়োজন করেও এবার বিশ্বকাপ থেকে কেন ব্রাত্য মোহালি, সেই প্রশ্নই করা হয়েছে চিঠিতে।

আরও পড়ুন    গুরকিরাত কি আসছেন ইস্টবেঙ্গলে?

যদিও বসিসিআই সূত্রে জানা গিয়েছে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবেই এবার বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হচ্ছে না পঞ্জাবে। যদিও মোহালিই শুধু নয়। এবারের বিশ্বকাপের ক্রীড়াসূচিতে নেই কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামের নামও। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। বিশ্বকাপের সব গুরুত্বপূর্ণ ম্যাচ আহমেদাবাদ পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এবার সেই একই অভিযোগ শোনা গেল পঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর গলায়।

About Post Author