Home » কুয়েতের বিরুদ্ধে ফাইনালের আগে আত্মবিশ্বাসী ভারত

কুয়েতের বিরুদ্ধে ফাইনালের আগে আত্মবিশ্বাসী ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ জুলাই: ইন্টার কন্টিনেন্টাল কাপে পর এবার লক্ষ্য সাফ কাপ। মঙ্গলবার সাফ কাপ জয়ের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ কুয়েত। নবম সাফ কাপের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। যদিও কুয়েতের বিরুদ্ধে ফাইনালে ভারত ডাগআউটে পাবে না কোচ ইগর স্তিমাচকে। ইগরকে না পেলেও ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর। কার্ড সমস্যা কাটিয়ে ম্যাচে ফিরছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘন। গ্রুপ পর্বে পাকিস্তান ও কুয়েত ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। সেমিফাইনালে তাঁকে ছাড়াই নামতে হয়েছিল। যদিও জিততে সমস্যা হয়নি ভারতের।

কে দলে থাকবেন বা কে থাকবেন না তা নিয়ে আদৌ চিন্তিত নয় ভারতীয় শিবির। সাফ কাপ জয়ের ব্যাপারে আশাবাদী দলের প্রত্যেক সদস্য।

ফাইনালের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের মনোবলের কথাই শোনালেন ঝিঙ্ঘন। তিনি বলেন ‘‘ কুয়েতই এখন আমাদের লক্ষ্য। ওরা বেশ শক্তিশালী দল। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য। তবে আমরাও ম্যাচ জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। দল হিসেবে আমরা লড়াই করব।’’ পাশাপাশি প্রতিপক্ষের সম্পর্কে বেশ সমীহ শোনা গেল সন্দেশের গলায়। তিনি বলেন, “ফিফা ক্রম তালিকার অবস্থান দিয়ে ওদের খেলা বিচার করা বোকামি হবে। ওদের ফুটবল টেকনিক খুব উন্নত। একটা ভুল করলেই সেই সুযোগ ওরা কাজে লাগাবে। তাই আমাদের ৯০ মিনিট সতর্ক থাকতে হবে।”

আরও পড়ুন   একধাক্কায় স্পর্শকাতর বুথ বাড়ল ২৫ গুণ, হাইকোর্টে রিপোর্ট পেশ করল কমিশন

কুয়েতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলেছে ভারত। সেই ম্যাচে সুনীল ছেত্রীর করা গোলে প্রথমে এগিয়ে গিয়েও ড্র করতে হয়েছিল ভারতকে। শেষ মুহূর্তে আত্মঘাতী গোল করে বসেন ভারতের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলী। সেই ম্যাচে শেষের কয়েক মিনিট ভারতীয় দলকে বেশ চাপে রেখেছিল কুয়েত। যদিও ওই ম্যাচ ভুলে নতুন ম্যাচে নজর দিতে চান ভারতীয় দলের ফুটবলাররা। ২০০৫ সালের পর ঘরের মাঠে কোনো ফাইনাল হারেনি ভারত। এখন ঘরের মাঠে সেই রেকর্ড কি অক্ষত থাকবে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

About Post Author