Home » ভাঙড়ে অশান্তির ঘটনায় সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা হাইকোর্ট

ভাঙড়ে অশান্তির ঘটনায় সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক,৬ জুলাইঃ পঞ্চায়েত ভোটের আবহে অশান্তির ঘটনায় প্রায়দিনই শিরোনামে উঠে আসছে ভাঙড়। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তিতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পাশাপাশি, গুলি-বোমাবাজি, লুঠ, এমনকী মৃত্যুর ঘটনাও ঘটে। মামলা হয় কলকাতা হাইকোর্টে। এবার ভাঙড়ে অশান্তির ঘটনায় ভাঙড়ের বিডিও অফিস, ভাঙড় ও কাশীপুর থানার ভিতর ও বাইরের সিসি ক্যামেরার যাবতীয় ফুটেজ বৃহস্পতিবারের মধ্যেই মামলাকারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ভাঙড় ছাড়াও ক্যানিং, মিনাখাঁ, বসিরহাটেও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে। বিরোধীদের অভিযোগ, মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধেও একই অভিযোগ তোলেন বিরোধীরা।

সেই অভিযোগের ভিত্তিতে আদালত রাজ্যের থেকে হলফনামা চেয়েছিল। বুধবার সেই হলফনামা আদালতে জমা দেয় রাজ্য। এদিকে, ক্যানিংয়ের এক বিরোধী দলের সমর্থক নিখোঁজ হয়ে গেছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ২৬ জুন আদালত পুলিশকে নির্দেশ দেয়, অবিলম্বে তাঁকে খুঁজে বের করতে হবে। কিন্তু এখনও কেন তাঁর কোনও হদিশ পাওয়া গেল না, তা রিপোর্ট দিয়ে পরবর্তী শুনানিতে পুলিশকে জানাতে বলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৮ জুলাই সব মামলার একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন   পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে বড় পদক্ষেপ, ‘পিস অ্যান্ড হারমনি’ কমিটি খুললেন রাজ্যপাল

পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। সেই নিয়ে রাজ্য-রাজনীতি এখন উত্তপ্ত। শাসক-বিরোধী সব শিবিরই উঠে পড়ে লেগেছে পঞ্চায়েত নিয়ে। প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশনও। সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করানোই এখন বড় চ্যালেঞ্জ তাদের কাছে। ইতিমধ্যেই নির্বাচনে স্পর্শকাতর বুথ কোনগুলো হবে, তা চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কমিশন। জেলা পঞ্চায়েত নির্বাচন অফিসার ও জেলাশাসকদের এই মর্মে চিঠিও পাঠিয়েছে তারা। এই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোন কোন বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হবে। বলা হয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে যেসব বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল সেইসব বুথকেই এবারের ভোটে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে। স্পর্শকাতর বুথ ও এলাকা বেছে নিতে গতবারের ফলাফলের ওপরই বেশি জোর দিচ্ছে কমিশন। বুথওয়াড়ি গত ভোটের ফলাফল বিচার বিবেচনা করে দেখতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেসব বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল এবং বিজয়ী প্রার্থী ৭৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন, সেগুলোকে ক্রিটিকাল পোলিং বুথ বা স্পর্শকাতর বুথ বলে চিহ্নিত করতে হবে। শুধু তাই নয়, যে নির্বাচনী বুথগুলিতে রিপোল না পুনরায় ভোটগ্রহণ হয়েছিল সেগুলিকেও স্পর্শকাতর বুথের তালিকায় যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে চিহ্নিত করতে হবে ‘১৮-র ভোটে কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছিল।কমিশনের চিঠিতে আরও বলা হয়েছে, বিডিও, পঞ্চায়েত রিটার্নিং অফিসাররা তাঁদের এলাকা কতটা স্পর্শকাতর তা বিবেচনা করে দেখবেন। আগের ভোটে কোথায় কোথায় কারচুপির অভিযোগ ছিল, কোথায় হিংসার ঘটনা ঘটেছিল, তা সবকিছুই নজরে রাখতে হবে বলেও কমিশন জানিয়েছে। গত ভোটে কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছে ও এবার কোথায় কোথায় অশান্তির ঘটনা ঘটতে পারে, সে ব্যাপারে ধারণা করে কমিশনকে জানাতে হবে।

About Post Author