Home » পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে বড় পদক্ষেপ, ‘পিস অ্যান্ড হারমনি’ কমিটি খুললেন রাজ্যপাল

পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে বড় পদক্ষেপ, ‘পিস অ্যান্ড হারমনি’ কমিটি খুললেন রাজ্যপাল

সময় কলকাতা ডেস্ক,৬ জুলাইঃ পঞ্চায়েত ভোটে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মনোনয়ন পর্বে রাজনৈতিক অশান্তির সাক্ষী ভাঙড় আর ক্যানিংয়ের পরিস্থিতি পরিদর্শন করে এসেই রাজভবনে ‘শান্তিকক্ষ’ খুলেছিলেন রাজ্যপাল। এবার ভোটের হিংসা রুখতে পিস অ্যান্ড হারমনি কমিটি অর্থাৎ শান্তি এবং সম্প্রীতি রক্ষা কমিটি খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার রাতে এ ব্যাপারে রাজভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভোট সংক্রান্ত অশান্তি ঠেকাতে রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ পেয়ে রাজ্যপালের তরফে জানানো হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে। ভোটের সময় কোনও রকম হিংসা ও দাঙ্গার পরিস্থিতি বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটিতে অভিযোগ জানানো যাবে। এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই রাজভবনে ‘শান্তিকক্ষ’-এ সরাসরি হেল্পলাইন নম্বর চালু হয়েছে। পঞ্চায়েত ভোটে কোনও ধরনের হিংসার পরিস্থিতি তৈরি হলে তা সরাসরি ওই হেল্পলাইন নম্বরে ফোন করে জানানো যাবে। রাজভবনে বসে রাজ্যপাল সরাসরি সমস্ত অভিযোগ শুনবেন।

আরও পড়ুন    আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপনে দেশজুড়ে গুলিবৃষ্টি , মৃত ১৫

পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। সেই নিয়ে রাজ্য-রাজনীতি এখন উত্তপ্ত। শাসক-বিরোধী সব শিবিরই উঠে পড়ে লেগেছে পঞ্চায়েত নিয়ে। প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশনও। সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করানোই এখন বড় চ্যালেঞ্জ তাদের কাছে। ইতিমধ্যেই নির্বাচনে স্পর্শকাতর বুথ কোনগুলো হবে, তা চিহ্নিত করার নির্দেশ দিল কমিশন। জেলা পঞ্চায়েত নির্বাচন অফিসার ও জেলাশাসকদের এই মর্মে চিঠিও পাঠিয়েছে তারা। এই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোন কোন বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হবে। বলা হয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে যেসব বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল সেইসব বুথকেই এবারের ভোটে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে। স্পর্শকাতর বুথ ও এলাকা বেছে নিতে গতবারের ফলাফলের ওপরই বেশি জোর দিচ্ছে কমিশন। বুথওয়াড়ি গত ভোটের ফলাফল বিচার বিবেচনা করে দেখতে বলা হয়েছে।

আরও পড়ুন    শুরুতেই বড় জয়! পাঠচক্রকে হারিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগানের

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেসব বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল এবং বিজয়ী প্রার্থী ৭৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন, সেগুলোকে ক্রিটিকাল পোলিং বুথ বা স্পর্শকাতর বুথ বলে চিহ্নিত করতে হবে। শুধু তাই নয়, যে নির্বাচনী বুথগুলিতে রিপোল না পুনরায় ভোটগ্রহণ হয়েছিল সেগুলিকেও স্পর্শকাতর বুথের তালিকায় যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে চিহ্নিত করতে হবে ‘১৮-র ভোটে কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছিল।কমিশনের চিঠিতে আরও বলা হয়েছে, বিডিও, পঞ্চায়েত রিটার্নিং অফিসাররা তাঁদের এলাকা কতটা স্পর্শকাতর তা বিবেচনা করে দেখবেন। আগের ভোটে কোথায় কোথায় কারচুপির অভিযোগ ছিল, কোথায় হিংসার ঘটনা ঘটেছিল, তা সবকিছুই নজরে রাখতে হবে বলেও কমিশন জানিয়েছে। গত ভোটে কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছে ও এবার কোথায় কোথায় অশান্তির ঘটনা ঘটতে পারে, সে ব্যাপারে ধারণা করে কমিশনকে জানাতে হবে।

About Post Author