সময় কলকাতা ডেস্ক,৭ জুলাইঃ পঞ্চায়েত নির্বাচনের আগের দিন কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনের দিনে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ভোটের দিন অর্থাৎ শনিবার নন্দীগ্রামের বাইরে যেতে পারবেন না শুভেন্দু অধিকারী। জানাল কলকাতা হাইকোর্ট। কমিশনের নির্দেশ অনুযায়ী, শুভেন্দু যেখানকার ভোটার সেখানেই থাকতে হবে ভোটের দিন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান শুভেন্দু।
আরও পড়ুন মোদি পদবী মামলায় গুজরাট হাইকোর্টেও ধাক্কা খেলেন রাহুল গান্ধি, খারিজ হয়ে গেল রিভিউ পিটিশন

এদিন বিচারপতি সিনহা জানিয়ে দেন, কমিশনের নির্দেশ মেনে নিজের এলাকা ছেড়ে যেতে পারবেন না শুভেন্দু। যেখানকার ভোটার সেখানেই ভোটের দিন থাকতে হবে বিরোধী দলনেতাকে। শুভেন্দু নন্দীগ্রামের ভোটার। ফলে সেখানেই থাকবেন তিনি। উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চলাফেরায় লাগাম টানতে রাজ্য নির্বাচন কমিশনের নোটিশকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠায় কাঁথি থানা আইসি। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের ৪ ঠা জুলাই তারিখের চিঠি অনুযায়ী, রাজনৈতিক কর্মীরা অন্য কোনও নির্বাচনী এলাকায় উপস্থিত থাকতে পারবেন না প্রচারের মেয়াদ শেষ হওয়ার পর এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত।
আরও পড়ুন ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট!

ভোটের তারিখে, রাজনৈতিক নেতাদের পরিদর্শন তার নিজস্ব বরাদ্দ ভোট কেন্দ্রে সীমাবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কর্মীরা ভোটের দিন নির্বাচনী এলাকায় অবাধে চলাফেরা করতে পারবেন না, যদি না তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনারের এই নির্দেশকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠায় কাঁথি থানার আইসি। নোটিশে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নির্বাচনী এলাকার নন্দনায়কবাড়-এর ৭৬ নম্বর পার্টের নিবন্ধিত ভোটার। তাই ভোটের দিন নিজের নির্বাচনী এলাকায় প্রয়োজন ছাড়া ঘোরাফেরা করা যাবে না। অর্থাৎ আগামী দুদিন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুর এমনকি রাজ্যের কোথাও অবাধ চলাফেরায় লাগাম টানে নির্বাচন কমিশন। তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেখানেই ধাক্কা খান তিনি।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ