Home » প্রেমিকার জন্য ইতালির এক প্রধানমন্ত্রীর উপহার যা চমকে দেবে আপনাকে

প্রেমিকার জন্য ইতালির এক প্রধানমন্ত্রীর উপহার যা চমকে দেবে আপনাকে

সময় কলকাতা, ১০ জুলাই: বিগত কয়েক মাস আগে রাজ্যের এক মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই, দেশের রাজনীতিও তোলপাড় ফেলে দেয়। কিন্তু বিদেশের এক শীর্ষনেতা যা করলেন তা কল্পনারও বাইরে। কথা হচ্ছে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির। চলতি বছরের জুন মাসে মারা যান ইতালির প্রাক্তন পি এম সিলভিও। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিউকোমিয়ায় ভুগছিলেন। কিন্তু মারা যাওয়ার আগে এক দলিলে বান্ধবী  মার্তা ফাসসিনাকে তাঁর সম্পত্তি থেকে দান করে গেছেন ১০০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা। ধারণা করা হচ্ছে ইতালির তিন বারের প্রধানমন্ত্রী ও ধনকুবের সিলভিওর সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় ৬ বিলিয়ন ডলার। সেই অর্থের কিছুটা ভাগ তিনি তাঁর প্রেমিকাকে দান করে গিয়েছেন।

ইতালির মধ্য ডানপন্থী দল ফোর্জা ইতালিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন সিলভিও বেরলুসকোনি। সেই দলের উপপ্রধান ছিলেন তাঁর বান্ধবী মার্তা। জানা গিয়েছে, ২০২০ সালের মার্চ মাস থেকে তাঁদের এই সম্পর্কের সূচনা হয়। যদিও তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হননি। তবে মৃত্যুর আগে তিনি মার্তাকে স্ত্রী বলেই উল্লেখ করেন। ৩৩ বছরের মার্তা ইতালির সংসদের নিম্নকক্ষের সদস্যা। ২০১৮ সাল থেকেই এই পদে তিনি রয়েছেন। পাশাপাশি ফোর্জা ইতালিয়া দলের গুরু দায়িত্বও রয়েছে তাঁর উপর। ১৯৯৪ সালে এই দলের প্রতিষ্ঠা করেন সিলভিও বেরলুসকোনি।

সিলভিও বেরলুসকোনি র জন্ম হয় ইতালির মিলানে। ১৯৩৬ সালে। ভ্যাকু়ম ক্লিনার বিক্রি করার মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে আবাসন নির্মাণ শিল্পে বিনিয়োগ করে প্রচুর অর্থের মালিক হন। পরবর্তী সময়ে ইতালির টিভি চ্যানেল ব্যবসায়ও লগ্নি করেন। ইতালির ধনকুবেরদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন সিলভিও বেরলুসকোনি। শুধু তাই নয় ইতালির অন্যতম প্রাচীন ও সফল ক্লাব এসি মিলানেরও মালিক হন তিনি । যেই সময়ে তিনি মিলানের দায়িত্ব নেন তখন প্রায় দেউলিয়ার পথে ঐতিহ্যবাহী ক্লাবটি। সেই অবস্থা থেকে ক্লাবকে বার করে আনেন সিলভিও। মৃত্যুর পর তাঁর পারিবারিক ব্যবসা ও সম্পত্তি সামলানোর দায়িত্বে রয়েছেন তাঁর দুই সন্তান পিয়ের ও মরিনা।।

আরও পড়ুন :ব্রায়ান্ট রিভেরা কি আধুনিক জ্যাক দ্যা রিপার?

About Post Author