Home » মহামেডানের ১২, ডেভিড লালহলানসাংগা ৫ : মেহরাজউদ্দিনের রথ ছুটছে

মহামেডানের ১২, ডেভিড লালহলানসাংগা ৫ : মেহরাজউদ্দিনের রথ ছুটছে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১৯ জুলাই :কলকাতা ফুটবল লিগে বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে দিচ্ছে মহামেডান। তিন ম্যাচেই জয় পেয়েছে সাদা কালো ব্রিগেড। প্রতিটি ম্যাচেই গোল করছেন আইজলের নবাগত তরুণ ডেডিড লালহলানসাংগা । দেখতে দেখতে লিগে পাঁচ গোল করে ফেললেন ডেভিড লালহলানসাংগা।

ইউনাইটেড স্পোর্টস তবুও কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। সেদিন ডেভিড লালহলানসাংগা দরকারি গোল করে প্রয়োজনীয় তিন পয়েন্ট এনে দিয়েছিলেন মহামেডান স্পোর্টিংকে । প্রথম ম্যাচে এই ডেভিড-ই হ্যাটট্রিক করে চোখে পড়েন । সেদিন কলকাতা ফুটবল ক্লাবকে গোলের বন্যায় ভাসিয়ে দেয় মহামেডান। তারা গুনেগুনে সাত গোল দেয় প্রতিপক্ষকে ।এবার পাঠচক্রের ওপরেও রোলার চালিয়ে দিল মহামেডান।ব্যবধান ৪-০। মঙ্গলবার প্রথম গোলটি করেন সেই ডেভিড।সব মিলিয়ে তিন ম্যাচে ১২ গোল হয়ে গেল মহামেডানের। অপ্রতিহত গতিতে আগুয়ান মহামেডানের হয়ে তিন ম্যাচে পাঁচ গোল হয়ে গেল ডেভিডের। কে এই নবোদিত নক্ষত্র ডেভিড লালহলানসাংগা? ডেভিড লালহলানসাঙ্গা মনিপুরের নবীন প্রতিভা। আইজল থেকে মহমেডানে এসে মেহরাজউদ্দিন ওয়াদুর কোচিংয়ে সবুজ মাঠে ফুল ফোটাচ্ছেন তিনি । তিন ম্যাচে পাঁচ গোল করে ফেলেছেন মণিপুরের তরুণ স্ট্রাইকার । মেহরাজউদ্দিন ডেভিডের প্রশংসা করলেও বলেছেন, ডেভিড যেমন গোল করছে দলের অন্যরাও তাকে সাহায্য করছে। মেহরাজ কৌশলে ঢেকে রাখছেন উদীয়মান এই স্ট্রাইকারকে। তিনি জানেন কলকাতা ফুটবল লিগে এবার লম্বা রেস।এখন থেকেই শক্ত প্রতিপক্ষরা আতসকাঁচের তলায় রাখতে শুরু করেছে ডেভিডকে।তবে মেহরাজ যাই বলুন, ডেভিড প্রত্যাশার পারদ বাড়াচ্ছেন মহামেডান সমর্থকদের।।

আরও পড়ুন : ফিদেল কাস্ত্রো, ক্রিকেট, এবং ওয়েস্টইন্ডিজ : লারার দেশ ত্রিনিদাদে ভারত

About Post Author