Home » ৪৩ রানের মধ্যে পড়ল চার উইকেট, তবুও বিরাটের সৌজন্যে ম্যাচে ফিরল ভারত

৪৩ রানের মধ্যে পড়ল চার উইকেট, তবুও বিরাটের সৌজন্যে ম্যাচে ফিরল ভারত

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২১ জুলাই : প্রথম টেস্ট ম্যাচের মতই ক্যারিবিয়ান সফরের দ্বিতীয় তথা শেষ টেস্টেও শুরুটা দুর্দান্ত করেছিলেন রোহিত – যশস্বী। মধ্যাহ্ন ভোজের সময়  ২৭ ওভারে বিনা উইকেটে ১২৫। দুই ওপেনার প্রথম সেশনেই অর্ধশতরান পূর্ণ করে ফেলেন।কম স্ট্রাইক পেলেও বেশি আক্রমণাত্মক ছিলেন যশস্বী। দ্বিতীয় সেশনের শুরুতেই ১৩৯ রানে প্রথম উইকেট পড়ে।৫৭ রানে আউট হয়ে যান যশস্বী ।পরবর্তী ৪৩ রানের মধ্যে একে একে আউট হয়ে যান শুভমান গিল , রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে।রোহিত করেন ৮০ রান। ওপেনার হিসেবে ধারাবাহিক শুভমান গিলকে চেতেশ্বর পূজারার জায়গায় ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত ছিল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের।শুভমান এখনও তিন নম্বরে ব্যাট হাতে খাপ খাইয়ে নিতে পারেন নি।তিনি এদিন ১০ রান করে আউট হয়ে যান।পাশাপাশি আজিঙ্কা রাহানের ক্যারিবিয়ান সফরও ভালো কাটছে না।  ৪৩ রানের মধ্যে চার উইকেট পড়ে যাওয়ায় রানের গতি যায় কমে। মাথায় চেপে বসেছেন ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। এরকম অবস্থায় ক্রিজে আসা রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে হাল ধরেন বিরাট কোহলি। অবিচ্ছিন্ন পঞ্চম জুটিতে তাঁরা যোগ করেছেন ১০৬ রান। দিনের শেষে বিরাট অপরাজিত ৮৭রানে। ৩৬ রান করে সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

প্রথম টেস্টে জেতার পরে ত্রিনিদাদ টেস্টে ভারত দলের একটিমাত্র পরিবর্তন ঘটায় । শারদুল ঠাকুরের বদলে ভারতীয় টেস্ট দলে অভিষেক ঘটালেন বাংলার মুকেশ কুমার। ফলে ভারত দ্বিতীয় টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক  ক্রেগ ব্রেথওয়েট। এতে অবশ্য প্রাথমিকভাবে ভারতের কিছু অসুবিধা হয়নি। মিডিল অর্ডার ভেঙে পড়ায় একটা সময় ৪৩ রানের মধ্যে  চারটে উইকেট হারিয়ে কিছুটা সমস্যায় ভারত পড়লেও পরিস্থিতি অনেকটাই সামলে নিয়েছেন কোহলি – জাদেজা।দ্বিতীয় দিন সকালে এই জুটি ভারতকে  আরও কিছুটা নির্ভরতা দিলেই ভারত যে সুবিধাজনক জায়গায় চলে যেতে পারবে তা বলাই বাহুল্য। বিরাট যেভাবে প্রথম দিনে ব্যাট করেছেন  সেখানে তার দিকেই মূলত তাকিয়ে থাকবে ভারতীয় দল।এদিন ৮৭ রান করতে তিনি খেলেছেন  ১৬১ টি বল। বলকে আটবার সীমানার বাইরে পাঠিয়েছেন।পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক অভালে সেঞ্চুরি করা সবসময় ব্যাটসম্যানদের কাছে গৌরবের বিষয়। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা  বিরাট  এখানে তার টেস্ট জীবনের ২৯ তম সেঞ্চুরিটি করে ফেলতে পারেন কিনা এটাই দেখার।।

About Post Author